বিশেষ প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুশীল সমাজ, রাজনৈতিক দল ও গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে সংলাপের নামে তামাশা করছে নির্বাচন কমিশন।
আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাবেক দপ্তর সম্পাদক মুন্সি জামাল উদ্দিন আহম্মেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সংলাপে অংশ নিয়ে সুশীল সমাজের ৯০ ভাগই সহায়ক সরকারের অধীনে নির্বাচন, সেনাবাহিনী মোতায়েন ও সংসদ ভেঙে দেয়া প্রস্তাব করেছেন। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বললেন, সংবিধান ও প্রচলিত আইনে যা বলা আছে তাই করা হবে।
বিএনপির এই নেতা সিইসিকে উদ্দেশ করে বলেন, আপনি যদি সরকারি দলের ইচ্ছেই ভোট করবেন, তাহলে সংলাপের নামে তামাশা করছেন কেন। এ নাটক না করলেই পারতেন।
৯০ ভাগ বুদ্ধিজীবীর সুপারিশ অগ্রাহ্য করে তাদের অপমান করার জন্য আপনি সংলাপে ডেকে ছিলেন? যদি প্রচলিত আইনেই নির্বাচন হয়, তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। আপনি তো সেই অঙ্গীকারে আসেননি। আপনি চাকরি করে চলে যাবেন, এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। গণতন্ত্র কোথায়?
তিনি বলেন, সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। জেলায় জেলায় তুফান সরকারদের তৈরি করেছে। আমরা ভেবেছি এসব থেকে পরিত্রাণ দেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার আশার বাণী শুনাবেন। সেটি না করে শাসনতন্ত্র ও প্রচলিত আইনের কথা বলছেন তিনি।