বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের চক্রান্ত অস্বাভাবিক। সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।
আজ শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, আমরা খোলা চোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছি। এক. দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ। দ্বিতীয়ত. রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতা মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের ওপর আক্রমণ পরিচালনা করছে।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার।
মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকির সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম আব্দুল মালেকের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন- জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া প্রমুখ।





