শ্রীলংকা মূলত নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছে। একসময় এই দেশটিকে তাইওয়ান ও সিঙ্গাপুরের সমকক্ষ মনে করা হতো। কিন্তু আশির দশকে তামিল হলোকাস্ট শুরু হওয়ার পর, শ্রীলংকার মূল ব্যবসা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে চলে আসে। বাংলাদেশের চলে আসার কারণ ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ ঠিক তখনই বাংলাদেশের অর্থনীতি উদারীকরণ করেছিলেন। উপমহাদেশের অন্য দেশগুলো তখন রক্ষণশীল অর্থনৈতিক নীতি অনুসরণ করত। ‘bottomless basket’ খ্যাত বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে যায়- গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর ভর করে।
নরওয়ের মধ্যস্থতায় তামিলদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, শ্রীলংকা মোটামুটি ভালোই চলছিল। সর্বনাশের কারিগর হচ্ছেন মহিন্দ রাজাপক্ষ। এই ব্যক্তি ক্ষমতায় এসে শান্তি চুক্তি ভঙ্গ করে, তামিলদের উপর নতুন করে হামলা চালানোর নির্দেশ দেন। এরপর চাইনিজ প্রজেক্টের নামে শুরু করেন পারিবারিক লুটতরাজ ও বিদেশে অর্থপাচার। সারাদেশে ব্যাপক গণ-অসন্তোষ দেখা দেয়। শ্রীলংকা নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়।
শ্রীলংকার অর্থনৈতিক বিপর্যয় সম্পর্কে আগাম পূর্বাভাস দিয়েছিলেন রেজা কিবরিয়া। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া, আইএমএফ-এ চাকরি করতেন। বিপর্যয়ের পর শ্রীলংকা সরকার রেজা কিবরিয়ার কাছে পরামর্শ চেয়েছিল। রেজা কিবরিয়া তখন বলেছিলেন, শ্রীলংকার বিপর্যয় কাটিয়ে উঠতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে।
গত বছর শ্রীলংকার রেমিটেন্স আয় বেড়েছে ৭৬ শতাংশ এবং পর্যটন হাতে আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ। শ্রীলংকা ঋণের কিস্তি শোধ করার জন্য উতলা হয়ে উঠেছে। তার মধ্যে ভারত নতুন করে ৪৮০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা করেছে।
শ্রীলংকার মোট ঋণের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার। সুদসহ শোধ করতে হবে ৮০ বিলিয়ন ডলার। ২০২৭ সালের মধ্যে শ্রীলংকাকে কিস্তি দিতে হবে ১১ বিলিয়ন ডলার। বেশির ভাগ টাকাই দিতে হবে চীন, জাপান ও ভারতকে। যদিও বিপদের দিনে ফ্রান্সের পরে জাপানই শুধু শ্রীলংকাকে সরাসরি অনুদান দিয়েছিল – বিনিময়ে কোন প্রজেক্ট চায়নি।
শ্রীলংকায় এখন প্রজেক্টের তীব্র প্রতিযোগিতা চলছে চীন ও ভারতের মধ্যে। এই ইঁদুর দৌড়ে অনেকটা এগিয়ে আছে চীন। কিন্তু বিদেশি অবকাঠামোগত প্রকল্প কোন দেশের অর্থনীতির জন্যই স্বাস্থ্যকর নয়। যেটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। বিলম্বে হলেও বুঝতে পেরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সতর্ক হয়ে গেছেন। শেখ হাসিনা বন্ধু রাষ্ট্রগুলোকে সরাসরি বলে দিয়েছেন, “অবকাঠামগত খাতে যথেষ্ট বিনিয়োগ হয়েছে; যদি বিনিয়োগ করতে হয় শিল্পখাতে বিনিয়োগ করুন।”
যদিও অর্থ পাচারকারীরা বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট নড়বড়ে করে দিয়েছে; তবুও শেখ হাসিনা যতটা সাহস নিয়ে কথা বলতে পারেন, শ্রীলংকার সেই সাহস নাই। শ্রীলংকা এখন হয়ে উঠেছে দুই বৃহৎ আঞ্চলিক শক্তি চীন ও ভারতের প্লে-গ্রাউন্ড। শ্রীলংকায় ভারত বিরোধী বিক্ষোভ হচ্ছে, অথচ চীনের বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটিও করছে না।
শ্রীলংকার আমলারা ভারতীয় প্রকল্পগুলোতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বিষয়টি নিয়ে সরাসরি শ্রীলংকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ভারতীয় প্রকল্পগুলো ত্বরান্বিত করার জন্য, প্রশাসনের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। একাধিক প্রকল্পে আবার নতুন উপসর্গ যোগ হয়েছে শ্রমিক অসন্তোষ।
মহিন্দ রাজাপক্ষ পরিবারের ঘনিষ্ঠ প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন ঠিকই, কিন্তু রাজাপক্ষের লোকজন বসে নেই। রনিল বিক্রমাসিংহে আর কতদিন কলঙ্কিত রাজনৈতিক সঙ্গী এবং ধুরন্ধর বিদেশী বন্ধুদের সামলিয়ে চলতে পারবেন – সেটা সময় বলে দেবে।