শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আইএলওসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন আইনমন্ত্রী

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আইএলওসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন আইনমন্ত্রী

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ): সকল শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নে আইএলও-সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী আজ ২২শে মার্চ সোমবার রাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির ৩৪১তম  সেশনে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনাকালে  ভার্চুয়াল বক্তৃতায় এই সহযোগিতা কামনা করেন।

ভার্চুয়াল বক্তৃতায় আইনমন্ত্রী আইএলও-কে আশ্বস্ত করে বলেন, শ্রম অধিকার ও নিরাপদ কর্ম পরিবেশ সুনিশ্চিত করতে বাংলাদেশ একটি ছয় বছরমেয়াদি কর্মপরিকল্পনার আওতায় কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন, কর্মপরিকল্পনাটির মেয়াদ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের সাথে সঙ্গতি রেখে প্রস্তুত করা হচ্ছে।

মন্ত্রী শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন, শ্রম পরিদর্শন বিভাগের ক্ষমতায়ন এবং শ্রমিক স্বার্থ-বিরোধী কর্মকাণ্ড পরিহার সংক্রান্ত ৪টি বিষয়ে সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণের কথা আলোচনা সভায় তুলে ধরেন। তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন অভীষ্টের আলোকে বাংলাদেশ  শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আইএলও গভর্নিং বডি’র বর্তমান চেয়ার ভারতের শ্রম সচিব অপূর্ব চন্দ্রে’র সভাপতিত্বে বাংলাদেশের শ্রম পরিস্থিতি সম্পর্কিত এ আলোচনায় আন্তর্জাতিক শ্রমিক ও মালিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও ভারত, চীন, রাশিয়া, তুরস্ক, মরক্কো, কিউবা, ইরাক, বাহরাইন, আজারবাইজান, কানাডা, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানি ও মেক্সিকোর প্রতিনিধি অংশ নেন।

আলোচনাকালে অনেক বক্তা কোভিড-১৯ মহামারির মধ্যে বাংলাদেশের কার্যকর পদক্ষেপ গ্রহণের  প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।