× Banner
সর্বশেষ

শেখ হাসিনাকে প্রধান রেখে আ.লীগেের বিকল্প প্রস্তাব

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা; আর নির্বাচনকালে সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা নয়, স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার প্রস্তাব নির্বাচন কমিশনে রাখবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে নিজেদের দায়িত্ব এবং আস্থা অর্জনের সেতু হিসেবে রোডম্যাপকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষ দিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন হওয়ার কথা।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে বাইরে রেখে নির্বাচনকালীন ‘সহায়ক সরকার’ এবং নির্বাচনের সাত দিন আগে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগ।

সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ক্ষমতাসীন দলের নেতারা। নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী। এ সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সব ক্ষমতা নির্বাচন কমিশনের কাছেই চলে যাবে। সব পর্যায়ের রদবদলের দায়িত্বেও থাকবে নির্বাচন কমিশন।

দলটির নেতারা বলছেন, সেই সঙ্গে ২০০৮ সালের আগে নির্ধারিত সীমানা নির্ধারণ, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই সর্বস্তরের প্রশাসনে রদবদল, লেভেল প্লেয়িং ফিল্ড, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে সেনাবাহিনীকে ‘ল ইনফোর্সিং এজেন্সি’ হিসেবে যুক্ত করার প্রস্তাবও নাকচ করে দেবে তারা।

সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করব সেই সিদ্ধান্ত এখনো হয়নি। দলীয় সভাপতি দেশে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রস্তাবে সাড়া না দিয়ে আওয়ামী লীগ আলাদা বেশকিছু প্রস্তাব তুলে ধরবে। নির্বাচন কমিশন (ইসি) সংলাপে অংশ নিয়ে একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার, অভিন্ন পোস্টারসহ নির্দিষ্ট প্রস্তাব দেবে ক্ষমতাসীন দলটি। এর মধ্যে অন্যতম থাকবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ই-ভোটিং প্রবর্তন।

এ ছাড়া তাদের প্রস্তাবে থাকতে পারে অভিন্ন পোস্টার, নির্বাচনী এলাকায় একটি নির্দিষ্ট জায়গায় জনসভার আয়োজন করা। প্রার্থীদের জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা, নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের নির্দিষ্ট একটি টোকেন মানি সরবরাহ।

ক্ষমতাসীন দলের প্রস্তাবে আরো থাকতে পারে, নির্বাচন কমিশনের নিয়োগবিধি অনুযায়ী কর্মকর্তা নিয়োগ। নির্বাচন কমিশনের যে বাজেট দেয়া হয় সেই বাজেট যেন তারা স্বাধীনভাবে খরচ করতে পারে সেই বিষয়গুলোও তাদের প্রস্তাবে থাকবে।

সেনাবাহিনী নিয়োগ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, নির্বাচন কমিশন পরিস্থিতি বিবেচনা করলে নিয়োগ দিতে পারেন। তবে তা হবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে, কোনোভাবেই তাদের নির্বাহী ক্ষমতা দেয়ার বিধান যেন না করা হয়।

সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান অনুযায়ী আমরা আলোচনা করব। বর্তমান সরকার ক্ষমতায় থাকবে, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আমরা বিভিন্ন প্রস্তাব দিবো।


এ ক্যটাগরির আরো খবর..