আবুল কালাম আজাদ, যশোর: যশোরের চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে হত্যার শিকার সাকিব হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাকিব চুয়াডাঙ্গা জেলা সদরের কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মণ্ডলের বাড়িতে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়তো।
সোমবার বেলা ১০টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
চৌগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) এসএম এনামুল হক নিহতের নানি ফাতেমা বেগমের উদ্ধৃতি দিয়ে জানান, রবিবার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে কোথাও তাকে পায়নি।
সোমবার ভোররাত থেকে আবারও তার নানি ও তার বোন রহিমা খুঁজতে থাকেন। সকাল ৬টার দিকে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার লাশ পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে সকালে চৌগাছা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার ডান চোখটি নৃশংসভাবে উপড়ে ফেলা হয়েছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৃশংসভাবে শিশুটির ডান চোখ উপড়ে ফেলা হয়েছে এবং বাম চোখটি গালিয়ে দেওয়া হয়েছে। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।



