শিল্প সচিবের সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরী  এবং শিল্প পার্ক প্রকল্প এলাকা পরিদর্শন

শিল্প সচিবের সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরী  এবং শিল্প পার্ক প্রকল্প এলাকা পরিদর্শন

সিরাজগঞ্জ, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) : শিল্প সচিব জাকিয়া সুলতানা আজ সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরী  এবং বিসিক শিল্প পার্ক প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

শিল্প সচিব শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ পরিদর্শনকালে  প্রকল্পটির মাটি ভরাট ও অফিস ভবনের পূর্ত কাজ আগামী দুই মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। সীমানা দেয়াল, রাস্তা ও ড্রেন নির্মাণসহ যাবতীয় কার্যক্রম আগামী জুনের মধ্যে গুণগতমান বজায় রেখে সম্পন্নকরণে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ নির্দেশনার আলোকে প্রকল্প এলাকায় গ্রিন জোন ও প্রাকৃতিক জলাধার স্থাপন, বিদ্যুৎ- গ্যাসসহ আনুষঙ্গিক পরিসেবার সুবিধাসমূহ যথাসময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

এ শিল্প পার্কে ৫৭০টি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে প্রায় দুই লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতোমধ্যে উদ্যোক্তাগণ শিল্প প্লট স্থাপনের  আগ্রহ প্রকাশ করেছেন।

পরে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সাথে মতবিনিময়কালে  চারশ’ একর জমি সংবলিত এই প্রকল্প সংলগ্ন আরও প্রায় এক হাজার একরের ভূমি নিয়ে  বৃহত্তর বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে মর্মে জানান। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রস্তাবিত বৃহত্তর শিল্প পার্ককে অর্থনৈতিকভাবে টেকসই করে গড়ে তোলার লক্ষ্যে এর সাথে উন্নততর সড়ক, নৌ ও রেলপথের সংযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান এনডিসি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আল-আমিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিল্প সচিব সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন এবং বিসিক শিল্প পার্ক প্রকল্প এলাকায় বৃক্ষ রোপণ করেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।