× Banner

শিক্ষা বিস্তারে সরকারি মুমিনুন্নিসা মহিলা কলেজ অগ্রণী ভূমিকা পালন করেছে -গণপূর্ত প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০২২
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নারী সমাজে শিক্ষা বিস্তারে সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজ অগ্রণী ভূমিকা পালন করেছে।

আজ সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজ প্রাঙ্গণে কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এতদঞ্চলে সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এ শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন দক্ষ জনবল। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে নারী সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করতে এ কলেজের ভূমিকা অপরিসীম। কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রীবৃন্দ প্রধানমন্ত্রীর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..