ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদী একজন সাংবাদিক এবং মানবাধিকারকর্মী। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায়, তাকে বেশির ভাগ সময় কারাগারে থাকতে হয়েছে। নার্গিস এখন তেহরানের ইভিন কারাগারে বন্দী রয়েছেন।
আজ শুক্রবার নরওয়ের অসলোতে এক সংবাদ সম্মেলনে নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করেছে। নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার সমুন্নত রাখা ও সবার অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখায় নার্গিস শান্তিতে নোবেল পেয়েছেন। গত বছর বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায়ও ছিলেন নার্গিস মোহাম্মদী।
মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে নার্গিস মোহাম্মাদীকে ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে। সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। তিনি এখনো কারাগারে রয়েছেন।
এদিকে এবার এই পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫১ জন। এখন পর্যন্ত প্রতিবছর মনোনীত সংখ্যার ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যা ছিল ৩৭১। এ বছর মনোনীতদের মধ্যে ২৫৯ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠান রয়েছে। টানা অষ্টম বছর এ পুরস্কারের জন্য মনোনীতের সংখ্যা ছিল তিন শতাধিক। এ বছরের নোবেল শান্তি পুরস্কারের আর্থিক মূল্য প্রায় ১০ লাখ ডলার। এর সঙ্গে বিজয়ী পাবেন ১৮ ক্যারেট স্বর্ণের একটি পদক ও সনদ।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন, তারা পান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।