শরীয়তপুর প্রতিনিধি ॥ একজন ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা বা তহসিলদারের নগ্ন সহায়তায় বেহাত হওয়ার উপক্রম হয়েছে সরকারের প্রায় কোটি টাকা মূল্যের দুই বিঘা জমি। শরীয়তপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের নীলকান্দি মৌজার অন্তর্গত এ সম্পত্তি হাফেজ হাফিজুর রহমান নামের এক পরসম্পদ দখলকারি একজন লোভী মানুষকে পাইয়ে দিতে মরিয়া হয়ে উঠেছেন তহসিলদার জুয়েল হোসেন ঢালী। সরকারি চাকুরী করার পরেও বিধি ভঙ্গ করে, মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে সরকারের সম্পত্তি একজন চুক্তি ভঙ্গকারির নামে পুনরায় লীজ দিতে সুপারিস করেছেন এই তহসিলদার।
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়, সদর উপজেলা এসি ল্যান্ড ও আঙ্গারিয়া তহসিল অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলাধীন শরীয়তপুর পৗরসভার ৮৭ নং নীলকান্দি মৌজার এস এ ১১৭ নং খতিয়ানের ৪৯ নং দাগের ৬৬ শতাংশ জমি রয়েছে। যাহা বিআরএস রেকর্ডমূলে ১/১ খতিয়ানে ভিপি সম্পত্তি। যার প্রকৃত মালিক বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক। এই জমি ১৯৬৭ সালে প্রয়াত জনৈক মনিন্দ্র সাহা তৎকালিন পূর্ব পাকিস্তান সরকারের কাছ থেকে এক সনের জন্য লীজ গ্রহনমূলে স্বত্ববান হন। পরবর্তীতে মনিন্দ্র সাহা লীজ নবায়নের ধারবাহিতকা বজায় না রাখলে সরকার উক্ত জমি নিজ দখলে নেয়ার প্রক্রিয়া করেন। পূনরায় ১৯৮৩ সালে মনিন্দ্র সাহা নতুন করে নিজের নামে লীজ গ্রহন করেন। এরপর আবার নবায়ন বন্ধ করে দেন মনিন্দ্র। মনিন্দ্র সাহার মৃত্যুর পরে লীজকৃত ৬৬ শতাংশ জমির মধ্য থেকে ১৯৯৩ সালে ১১ শতাংশ জমি হাফিজুর রহমান মল্লিকের কাছে বিক্রি তার ওয়ারিসরা। কিন্তু ভুমি অফিসের তথ্য মতে মনিন্দ্র সাহার মালিকানায় মাত্র ৪.১৩ শতাংশ জমি পাওয়া যায়। বিক্রয়কৃত বাকি ৬.৮৭ শতাংশ জমি অবৈধভাবে দলিল করা হয়।
এরপর মনিন্দ্র সাহার লীজ মোকদ্দমার নাম পরবির্তন করে ২০০৬ সালের মে মাসে পেছনের বকেয়া পরিশোধের মাধ্যমে ৫১ শতাংশ জমি লীজ গ্রহন করেন হাফিজুর রহমান। উক্ত নালিসী ৫১ শতাংশ জমির মধ্যে অন্তত ৩০ শতাংশ পুকুর-নালায় গত ২৫ বছর ধরে নিজ পুকুরের সাথে মাছ চাষ করে আসছিলেন পার্শবর্তি মতিউর রহমান মুন্সি। হাফিজুর রহমানের নামে পুরো জমি লীজ বন্দোবস্ত দেয়ায় নিজ দখলীয় সরকারি পুকুর-নালার লীজ নিতে আবেদন করেন মতিউর রহমান। আইনি জটিলতায় তিনি লীজ গ্রহনে ব্যর্থ হন। কিন্তু বসে থাকেননি হাফিজুর রহমান। তিনি ২০১০ সালের আগষ্ট মাসে সরকারি লীজকৃত জমিতে, লীজের শর্ত ভঙ্গ করে ফাউন্ডেশন দিয়ে বহুতল ভবন নির্মান শুরু করেন হাফেজ হাফিজুর রহমান। অবৈধভারে ইমারত নির্মানের খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে আঙ্গারিয়া ভূমি অফিসের তৎকালিন তহসিলদার সরকারি সম্পত্তিতে ইমারত নির্মান বন্ধ করতে নোটিশ প্রদান করেন। ১০-১০-২০১০ তারিখে জেলা প্রশাসকের আরেকটি আদেশে জেলা কাননগো এবং জেলা অফিসের সার্ভেয়ার সরেজমিন তদন্ত করে একটি নকশা সমেত প্রতিবেদন দাখিল করেন জেলা প্রশাসকের বরাবরে। যাতে প্রকৃত ও সর্বশেষ অবস্তার বিশদ বর্ননা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন সরকারি সম্পদ লোভি হাফিজুর রহমান।
বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক সভাপতি, শরীয়তপুর-১ আসন থেকে হাতপাখা মার্কায় ইশাআ দলীয় সংসদ সদস্য পদে মনোনয়নপ্রাপ্ত, হাফেজ হাফিজুর রহমান মল্লিক সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লীজের শর্ত ভঙ্গ করে ইমারত নির্মানের কাজ চালিয়ে যেতে থাকেন। ইত্যবসরে তিনি সরকারি জমি স্থায়ীভাবে ভোগ দখলের কু-মতলবে শরীয়তপুর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলার ইউএনও, সদর উপজেলা এসি ল্যান্ড, পালং থানার ওসি, জেলা অফিসের কাননগো ও আঙ্গারিয়া ভুমি অফিসের তহসিলদারকে আসামী করে চিকন্দী সিনিয়র জজ আদালতে (সাবেক মুনসেফ কোর্ট) একটি মামলা দায়ের করে। মামলা নং ২১৭/২০১০। মামলার আরজিতে তিনি সরকারি সম্পত্তি হাতিয়ে নেয়ার হীন অভিপ্রায়ে সরকারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দাবি করেন। পাশাপশি এই জমি পার্শবর্তি মতিউর রহমান মুন্সিও যাতে কোন দিন ভোগ বা লীজ গ্রহন করতে না পারেন সে জন্যও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আরজিতে তিনি আরো উল্লেখ করেন, জেলা প্রশাসন কর্তৃক ইমারত নির্মান বন্ধের আদেশ সম্পূর্ণ বেআইনি, ভিত্তিহীন ও অন্যায়। জেলা প্রশাসক সম্পর্কে এতবড় ধৃষ্টতাপূর্ন মন্তব্য প্রদানকারি এখনো বহাল তবিয়তে রয়েছে সরকারেই সম্পত্তি দখল করে। ফলে, জনমনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে, এলাকায় পাংখা হুজুর নামে পরিচিত এই হাফিজুর রহমানের খুটির জোর কোথায় ?
২০১০ সাল থেকে হাফিজুর রহমানের লীজ নবায়ন বন্ধ থাকার পরেও তিনি পাকা ইমারত নির্মান করেই খ্যান্ত হননি। সম্প্রতি সরকারি জমিতে তহসিলদার জুয়েলের সহায়তা ও প্রত্যক্ষ মদদে অবৈধভাবে একটি টিনের ঘরও নির্মান করেন। এ বিষয়ে জেলা প্রশাসকরে কাছে আবেদন করেন এলাকবাসী। প্রশাসন তদন্ত করে প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেন তহসিলদার জুয়েলকে। নির্দেশপ্রাপ্ত হয়ে গত ১৩ নভেম্বর জুয়েল একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে এসি ল্যান্ড বরাবরে। কিন্ত তাতে তিনি হাফিজুর রহমান কর্তৃক শর্ত ভঙ্গ করে সরকারের বিনা অনুমতিতে টিনের ঘর নির্মান এবং সরকারের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দাবি করে মামলার বিষয়টি আড়াল করেন। এমনকি হাফিজুর রহমানের নামে পুনরায় লীজ প্রদানের জন্য সুপারিশ করেন। তহসিলদারের প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে গত ১৭ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলা এসি ল্যান্ড মো. সায়েদুল আরেফিন নিজে সরেজমিন পরিদর্শন করেন এবং একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
হাফেজ হাফিজুর রহমান বলেন, আমি সরকারি জমিতে ঘর তুলিনি। নিজের সম্পত্তিতে ঘর ও দালান করেছি। আদালত আমার পক্ষে রায় দিয়েছে তাই ওই জমির মালিক আমি।
নীলকান্দি গ্রামের মুন্সি মতিউর রহমান বলেন, আমার বাড়ির পাশের জমিই ৪৯ দাগের ৬৬ শতাংশ জমি। এর থেকে অন্তত ৩০ শতক পুকুর ও নালা রয়েছে আমার পুকুরের সাথে। আমি আমার নিজের পুকুরে মাছ চাষের সাথে সরকারের ওই পুকুরেও মাছ করে আসছি গত ২৫ বছর যাবৎ। আমিও সরকারের কাছে আমার ভোগদখলকৃত সেই পুকুর লীজ চেয়ে আবেদন করেছিলাম। এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে হাফিজুর রহমান হুজুর আমার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি সহ অনেক মামলা করে আমাকে হয়রানি করছে।
এ বিষয়ে জানতে চাইলে তহসিলদার জুয়েল হোসেন মল্লিক বলেন, তদন্তকালে আমি মাঠে যা পেয়েছি সে মোতাবেক প্রতিবেদন দাখিল করেছি। সরকারি কর্মচারি হিসেবে আমি সরকারের পক্ষেই রিপোর্ট দিয়েছি। আমি কারো কাছ থেকে কোন রকমের সুবিধা গ্রহন করিনি।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বলেন, নীলকান্দি মৌজার উল্লেখিত সম্পত্তির পুরোটাই বিআরএস রেকর্ডমূলে বাংলাদেশ সরকার মালিক। ওই জমি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। সম্প্রতি সদর উপজেলা এসি ল্যান্ড তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। তার আলোকে শীঘ্রই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এলাকার সচেতন নাগরিক সমাজ দাবি করেছেন, জেলা প্রশাসক সহ সরকারের উর্দ্ধতন কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরকারি একজন লোভী মানুষের কাছ থেকে বর্তমান বাজার মূল্যে প্রায় শোয়া কোটি টাকার এই জমি সরকার নিজ জিম্মায় সংরক্ষন করবেন। অথবা কোন দুস্থ্য মুক্তিযোদ্ধা, ভূমিহীন, এতিম বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামে নতুন করে বরাদ্দের ব্যবস্থা করবেন। এবং তহসিলদার জুয়েলকে আংগারিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রত্যাহার করে নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসি।