আন্তর্জাতিক ডেস্ক : মিশরে শতাধিক ব্যক্তিকে গুম করে ফেলেছে দেশটির পুলিশ শুধু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে মত প্রকাশ করায়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৪ বছরের কিশোর থেকে শুরু করে ছাত্র, রাজনৈতিক কর্মী ও বিক্ষোভকারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে যাওয়ার পর তারা রীতিমতো গায়েব হয়ে গেছে। এর বাইরে অনেককে আটকের পর টানা কয়েক মাস চোখে কালো কাপড় বেধে ও হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয়েছে। সরকার ৩৪ হাজার বন্দীর কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে অ্যামনেস্টি।
যারা নিখোঁজ বা গুম হয়েছে তাদের অধিকাংশই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক। মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান আব্দেল ফাতাহ আল সিসি।
প্রতিবেদনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতন শ্রেণির ছাত্র ইতালীয় নাগরিক গিউলিও রেগেনির বিষয়টিও উল্লেখ করা হয়। এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে কায়রো থেকে নিখোঁজের পর রেগেনির মৃতদেহ উদ্ধার করা হয়। তার মৃতদেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
অ্যামনেস্টির কর্মকর্তা ফেলিক্স জ্যাকেনস বলেন, ‘গিউলিও রেগেনির মৃতদেহ যে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে, একই ধরণের চিহ্ন রয়েছে মিশরের নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতিত অসংখ্য লোকের দেহে।’