ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের বাসিন্দা। নজরুল ইসলাম অরুণ। পেশায় একজন চাউল ব্যবসায়ী। শহরের বিহারী মোড়ে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষা জীবনে বিজ্ঞান বিভাগের ছাত্র না হলেও ছোট বেলা থেকে তার শখ বিমান বানানো। মানবিক বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন।
জানা গেছে, প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও তৈরি করেছেন বেশ কয়েকটি বিমান। ব্যবসার পাশাপাশি অবসর সময়ে পড়ে থাকেন বিমানের খুটি নাটি যন্ত্রাংশ বানানোর কাজে। বিশেষ করে বিমান বানানোর কাজ রাত ৮টার পর থেকে শুরু করে চলে ১১টা পর্যন্ত অনেক সময় গভীর রাত ও হয়ে যায়। অন্য সময় তিনি ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। একটি বিমান বানাতে তিনি সময় নেন মাত্র ৩/৪ ঘন্টা। কিন্তু ব্যবসার কাজে ব্যস্ত থাকায় সেটি আর সম্ভব হয়ে ওঠে না। দোকানে ক্রেতাদের সময় দেওয়াসহ বিভিন্ন কাজ শেষ করে তিনি শখের বিমান বানাতে বসে যান।
প্রথমে তিনি একটি ছোট বিমান তৈরি করে সেটি উড়াতে সক্ষম হন। এরপর একে একে বেশ কয়েকটি বিমান তৈরি করে ফেলেন । তিনি এর মধ্যে তৈরি করেছেন যুদ্ধ বিমান, ফাইটার বিমান, বোয়িং বিমান, হেলিকপ্টার । তিনি এ কাজে ব্যবহার করেছেন ককশিট। এছাড়া বিভিন্ন যন্ত্রাংশ কিনে শখের বিমান তৈরি করছেন। রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি বিমান নিয়ন্ত্রণ করেন।
বাজার থেকে যন্ত্রাংশ কিনে এনে তিনি সেগুলো সেটিং করেন। চাউলের দোকানে গিয়ে দেখা যায়, ছোট বড় বিভিন্ন মডেলের বিমান বানিয়ে রেখেছেন। এছাড়াও বিমান তৈরির সরঞ্জামও রেখে দিয়েছেন। ক্রেতা আসলে কাজ শেষ করে বিমান বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন।
এলাকাবাসী জানায়, তিনি কোথাও ঘুরতে যান না। ব্যবসার ফাঁকে তিনি এগুলো তৈরি করেন। বুধবার ব্যবসায়িক ছুটির দিন তিনি বিভিন্ন মাঠে নিজের বানানো বিমান উড়াতে যান। দোকানে কোন ক্রেতা না থাকলে তিনি বিমান বানাতে বসে যান। বিমান বানানোই যেন তার ধ্যন-জ্ঞান।
স্থানীয় বাসিন্দা মমিনুর রহমান মন্টু জানান, মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে তাকে বিমান বানানোর কাজ করতে দেখা যায়। অন্য কোথাও অবসর সময় না কাটিয়ে তিনি বিমান বানানোর কাজে ব্যস্ত থাকেন। মেধা ও পরিশ্রম করে তিনি এগুলো বানিয়ে যাচ্ছেন। গত প্রায় ৫ বছর ধরে তিনি বিমান বানাচ্ছেন। তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
চাউল ব্যবসায়ী নজরুল ইসলাম অরুন বলেন, ছোট বেলা থেকেই একটা শখ ছিল বিমান সম্পর্কে। বিমান কিভাবে ওড়ে, কিসের সাহায্যে উড়তে পারে এগুলো নিয়ে একসময় খুব ভাবতাম। বড় হওয়ার পরও বিমানের প্রতি সেই নেশাটা ছাড়েনি। ব্যবসার পাশাপাশি বিভিন্ন মডেলের বিমান ও হেলিকপ্টার তৈরি করি এবং সেটা সময়মতো উড়ানোর চেষ্টা করি। এগুলো করে তিনি নিজেও মজা পান। আরও বেশ কয়েকটি মডেলের বিমান তৈরির জন্য কাজ করে যাচ্ছি।