প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনৈতিক ও সামাজিকসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধন করেছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
আজ ২৭ জুলাই ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সকল সেক্টর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে স্তব্ধ করে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী চক্র। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও অগ্রগতি আরো ত্বরান্বিত করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



