কক্সবাজার এবং ভাসানচরে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ ও ব্যবস্থাপনার মানোন্নয়নে আরো সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এর সঙ্গে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ (Helen LaFave)-সহ চার সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎকালে এ প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন-সহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলায় বন্যার বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়ে এবং বন্যায় ইতিমধ্যে ৭১ জন মারা গেছেন। বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে।
ফারুক ই আজম বলেন, ‘আমরা বন্যার ত্রাণ কার্যক্রমের পর্যায়টা অতিক্রম করে পুনর্বাসন পর্যায়ের দিকে যাচ্ছি। এক্ষেত্রে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টি খুব দ্রুত এগিয়ে চলছে।’ বন্যার্তদের পুনর্বাসনে সহায়তার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগিয়ে এসেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারা বাংলাদেশের মানুষের স্বেচ্ছাসেবা, অভূতপূর্ব সহযোগিতা এবং ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী ও জনগণের যে উদ্দীপনা ও ত্যাগ তারা দেখেছেন- তার প্রশংসা করেছেন।’
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিরক্ষা এটাশে Michael DeMichiei, ইউএসএইড-এর হিউম্যানিটারিয়ান এডভাইজার Linsey Harnish, রিফিউজি কো-অডিনেটর Thomas Brouns এবং মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।