× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

রিভিউ খারিজ, নিজামীর মৃত্যুদণ্ড বহাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে নিজামীর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রইল।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রায়ে রিভিউ আবেদন খারিজ হওয়ায় সব আইনি প্রক্রিয়া শেষ হলো। বাকি থাকল নিজামীর প্রাণভিক্ষার বিষয়টি। এর আগে গত মঙ্গলবার রিভিউ শুনানি শেষে ৫ মে রায়ের দিন ধার্য করা হয়। ওই দিন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিলেও মৃত্যুদণ্ডাদেশ বহালের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত ২৯ মার্চ আবেদন করেন নিজামী। ৭০ পৃষ্ঠার মূল রিভিউ আবেদনের সঙ্গে ২২৯ পৃষ্ঠার নথিপত্রে তাঁর দণ্ড থেকে খালাস চেয়ে ৪৬টি (গ্রাউন্ড) যুক্তি তুলে ধরা হয়।

গত ১৫ মার্চ নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।

গত ৬ জানুয়ারি বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে দোষী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।

বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আপিলের রায় গত ৬ জানুয়ারি ঘোষণা করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ জামায়াতের এই শীর্ষ নেতার বিষয়ে রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করেন। পরে ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..