বিশেষ প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম।
এর আগে গতকাল রোববার দুপুরে তাবিথ আউয়াল নয়াপল্টন কার্যালয় থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনেন। সেসময় তিনি সাংবাদিকদের জানান, গেলোবারের মত এবারো দলীয় মনোনয়নের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। জনমতও ভালো তৈরি হয়েছিল। তবে ওই নির্বাচনটা আশানুরূপ হয়নি। প্রত্যাশা অনুযায়ী হয়নি।
এখন পর্যন্ত ডিএনসিসির উপ-নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে আগ্রহী তাবিথ আউয়াল ছাড়াও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনপি সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এমএ কাইয়ুম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর স্থানীয় সরকার বিভাগ ১ ডিসেম্বর থেকে ওই পদটি শূন্য ঘোষণা করে।





