৯৬ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্যালমোরাল প্রাসাদে তার মৃত্যু হয়। তিনি সত্তর বছর রাজত্ব করেছেন। রানীর মৃত্যুর পর রাজা হলেন তৃতীয় চার্লস।
বৃহস্পতিবার তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার পটভূমিতে রানি এলিজাবেথের পরিবার স্কটল্যান্ডের ঐ প্রাসাদে জড়ো হয়েছিলেন।
রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়ে ছিলেন।
তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস নাম গ্রহণ করেছেন এবং ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হয়েছেন। তিনি বলেছেন, প্রিয় মায়ের মৃত্যু ছিল তার জন্য এক “বড় দুঃখের মুহূর্ত।” গত মে মাসে যুবরাজ চার্লস রানির পক্ষে প্রথম বাৎসরিক ভাষন দেন।
এক বিবৃতিতে, রাজা বলেন: “একজন প্রিয় রানি এবং প্রিয়তম মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি জানি সারা দেশ, রাজ্য ও কমনওয়েলথ, এবং সারা বিশ্বের অগণিত মানুষ তার মৃত্যুকে গভীরভাবে অনুভব করবেন।”
তিনি বলেন, প্রয়াত রানির প্রতি “যে সম্মান এবং গভীর স্নেহ রয়েছে” এই শোক ও পরিবর্তনের সময়কালে সেটা তাকে ও তার পরিবারকে সান্ত্বনা দেবে এবং শক্তি জোগাবে।
এর আগে রানির প্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে জানানো হয়, “রানি ব্যালমোরাল প্রাসাদে আজ (বৃহস্পতিবার) বিকেলে শান্তিপূর্ণভাবে প্রাণত্যাগ করেছেন।
“রাজা এবং রাজপত্নী আজ সন্ধ্যায় ব্যালমোরালে থাকবেন এবং আগামীকাল তারা লন্ডনে ফিরে যাবেন।”



