মোঃ ফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার: মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদের ইমামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা ১৯জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল । ওই ১৯ জনের মধ্যে ওই এলাকার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া একই উপজেলার মজুমদারকান্দি গ্রামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল। ওই এলাকার ৪৭ বাড়িকে বিশেষভাবে লকডাউন করা হয়েছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘ইমাম সাহেবের সাথে বেশী সম্পর্কিত প্রথমে ১৯ জনের নমুনা গত মঙ্গলবার দুপুরে সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়। শুক্রবার সকালে নমুনার ওই রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ২য় পর্যায়ে গত ৬ মে আরো ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই ৭জনের মধ্যে ৫জনকে বিধি মোতাবেক এনে হাসপাতালের আইসোলেশন কক্ষে রেখে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। দুজনকে চিকিৎসার আওতায় আনার সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে।
আক্রান্তদের বয়স ১৯ বছর থেকে ৬০ বছর। ওই ইমাম দীর্ঘ দিন ধরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্য লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।
এদিকে ৪৭ বাড়ী লকডাউন করা নিয়ে ঘটে যায় লংকাকান্ড। বুধবার (৬-৫-২০) ট্যাগ অফিসারের নির্দেশে ওই ৪৭ পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করেতে গেলে হামলার শিকার হয়েছেন ২৫নং লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহাজাদা পারভেজ। মারাত্মক আহত অবস্থায় তাকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতোপুর্বে আক্রান্ত ৭জনের মধ্যে ৪জন করোনা জয় করে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছে।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন বলেন, মসজিদের ইমামের সংস্পর্শে আসা ৪৭ বাড়িকে বিশেষভাবে লকডাউন করে দেয়া হয় এবং আমরা ওই এলাকার প্রতি বিশেষ নজরদারি রাখছি।