‘রাজাকারেরা ক্ষমতায় গেলে তালেবানী কায়দায় পুরাকীর্তি ধ্বংস করবে আর নারীদের টেনে ঘরের ভেতর নেবে’ বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার বিকেলে ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নারীদের ভ্রমণ সংগঠন ‘ট্রাভেলেটস অভ বাংলাদেশ’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।
ইনু বলেন, ‘পর্যটন আমাদের শেকড় ও ঐতিহ্যের সন্ধান দেয়। আর পর্যটন বিকাশে অসাম্প্রদায়িক ও জঙ্গিমুক্ত সমাজ এবং অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের বিকল্প নেই।’
জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশকে নতুন প্রজন্ম ভালোভাবে জানতে ভ্রমণকন্যদের এ উদ্যোগকে সাধুবাদ জানান তথ্যমন্ত্রী।
ট্রাভেলেটস’র প্রতিষ্ঠাতা ডাঃ সাকিয়া হক ও ডাঃ মানসী সাহা পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, ন্যাশনাল হোটেল, ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্সটিটিউটের অধ্যক্ষ পারভেজ চৌধুরী এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা পান্না। অতিথিদের নিয়ে এসময় ‘ভ্রমণকন্যা’ সাময়িকীর ২য় বর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।