× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

রাজনীতিতে উত্তাপ

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাজনীতির শীতল-শুষ্ক পরিবেশে কিছুটা উত্তাপ যেন ছড়িয়ে পড়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন উপলক্ষ করে এ বছরের ৫ জানুয়ারি বিএনপি ও আওয়ামী লীগের ঢাকায় নেওয়া কর্মসূচি কেন্দ্র করে রাজনীতির মাঠ যেভাবে গরম হয়ে ওঠেছিল, তা ভালোয় ভালোয় সমাবেশ হয়ে যাওয়ায় সেই উত্তাপ উষ্ণতায় রূপান্তরিত হতেও সময় লাগেনি। তবে এখন রাজনীতিতে আবার কিছুটা হলেও গরম-তপ্ত-লু হাওয়া বইতে শুরু করেছে। একদিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখলের প্রচেষ্টা ও একই সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপিকে ভেঙে ফেলার মুচলেকা দিয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন এমন খবর সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ায় এবং অন্যদিকে জাতীয় পার্টির মধ্যে এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদের বিবাদ দেশের শীতল রাজনীতি কিছুটা হলেও উত্তাপ ছড়িয়ে দিতে পেরেছে।

বিএনপির সংকট কাটছেই না। ওয়ান-ইলেভেনের পর ধারাবাহিকভাবে এ সংকট লেগেই আছে। এখন নতুন করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির বিরুদ্ধে জিয়াউর রহমানের আদর্শকে দলে ফিরিয়ে আনার স্লোগান নিয়ে লড়াইয়ে নেমেছে ‘আসল বিএনপি’। এ দলের স্বঘোষিত নেতা কামরুল হাসান নাসিম এখন অবশ্য নিজেকে ‘বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা’ হিসেবে দাবি করেন।

এছাড়াও বিএনপিতে শুদ্ধি অভিযান চালাতে চান এই দলেরই স্থায়ী কমিটির সাবেক সদস্য ও বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার নামজুল হুদা। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘তৃণমূল বিএনপি’। আর জিয়াউর রহমানের অনুজ কামাল আহমেদ কয়েকদিন আগে ‘জিয়া পরিবারের সদস্যরা’ নাম দিয়ে মিলাদ মাহফিল করেছেন। তিনিও নাজমুল হুদার মতোই চান, দলের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ ফিরিয়ে আনতে।

এ অবস্থার রেশ কাটতে না কাটতেই খবর বেরিয়েছে যে, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জেল থেকে বের হয়েছেন সরকারের কাছে মুচলেকা দিয়ে। আগামীতে যদি মধ্যবর্তী নির্বাচন হয় এবং তাতে খালেদা জিয়া অংশগ্রহণ না করলে যেন বিএনপিরই একটি অংশ ওই নির্বাচনে যায় সেই ব্যবস্থা করতেই ড. মোশাররফকে জেল থেকে মুক্তি দিয়েছে সরকার। যারা এই সংবাদটি দিয়েছেন, তাদের দাবি হচ্ছে, ড. মোশাররফের দেওয়া মুচলেকাপত্রটি লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছেছে। সেখান থেকেই সংবাদের মালমশলা সরবরাহ করা হয়েছে। সংবাদটি ঊর্বর মস্তিষ্কপ্রসূত নয়।

বিএনপির এই সাংগঠনিক দোলাচলের মধ্যেই এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে এক ধরনের ‘কামড়াকামড়ি’। নিজের ছোট ভাই সাবেক মন্ত্রী জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব করলে জাতীয় পার্টির সুবিধাবাদী ও সরকারের সুবিধাপ্রাপ্ত নেতারা বিদ্রোহ করে বসেন। তারা তড়িঘড়ি করে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বাধীন সরকারের সুবিধাপ্রাপ্ত অংশটি মনে করে যে, প্রেসিডিয়ামের কোনো বৈঠক ব্যতিরেকে শুধু চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। তাছাড়া গঠনতন্ত্রে ‘কো-চেয়ারম্যান’ বলে কোনো পদও নেই।

এরশাদ যা করেছেন গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন। কিন্তু এরশাদ নিজেই এর উত্তরে বলেছেন, চেয়ারম্যান হিসেবে আমার এ ক্ষমতা গঠনতন্ত্রই দিয়েছে। সুতরাং তিনি যা করেছেন তা গঠনতন্ত্র অনুসরণ করেই করেছেন। এতে গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় ঘটেনি। তিনি এর আগেও এমন অনেক সিদ্ধান্ত দিয়েছেন যা নিয়ে কোনো কথা ওঠেনি। এখন কেন ওঠছে। আর কো-চেয়ারম্যান পদটি আগামী কাউন্সিলে গঠনতন্ত্রে অঙ্গীভূত করে নিলেই হলো বলে মনে করেন এরশাদ।

তবে এটা ঠিক যে, আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় জাতীয় পার্টির চেয়ারম্যানের ক্ষমতা অনেক বেশি। গঠনতান্ত্রিকভাবেই চেয়ারম্যানই পার্টির অন্য পদগুলো বন্টন করে থাকেন। এখানে কারও প্রশ্ন তোলার কিছু নেই। একই অবস্থা আওয়ামী লীগ ও বিএনপিতেও। এখানে দল বা পার্টির মূল ব্যক্তির (সভাপতি বা চেয়ারম্যান যে নামেই হোক) বাইরে আর কারও কোনো ক্ষমতাই নেই যে, দলের পদে কে কে অধিষ্ঠিত হবে তা সিদ্ধান্ত নেওয়ার। আমাদের রাজনৈতিক দলগুলোর যে গঠনতন্ত্র তা বলা চলে একেবারে অগণতান্ত্রিক। এখানে এক ব্যক্তির হাতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছে।

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান তার ‘পলিকিটক্যাল পার্টিজ ইন বাংলাদেশ’ (প্রকাশকাল, ২০১৫) গ্রন্থে দেখিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীতে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাব রয়েছে। এ কারণে এর প্রভাবটা আমরা সরকারের মধ্যেও পেয়ে যাই। দলে বা পার্টিতে যেহেতু সভাপতি বা চেয়ারম্যানের একনায়কত্ব চলে, সেহেতু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেও এ একনায়কত্ব চলে আসে।

এই গণতান্ত্রিক চর্চার অভাবের কারণেই মাঝেমধ্যে দলগুলোতে সংস্কারের তোড়জোড় শুরু হয়। ২০০৭ সালে মইন-ফখরুদ্দীনের সরকারের সময় রাজনৈতিক দলগুলোতে বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল। কিন্তু উদ্দেশ্য মহৎ ছিল না বলে উভয় দলের সংস্কার কার্যক্রমই মুখ থুবড়ে পড়েছিল। সংস্কার কার্যক্রমের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা এখন উভয় দলেই হয় উপেক্ষিত হয়ে আছেন, নয় বহিষ্কৃত হয়েছেন, নতুবা নিষ্ক্রিয় হয়ে আছেন। সংস্কারের উদ্দেশ্যটি মহৎ হলে এমনটি হতো না।

একটি দেশে রাজনৈতিক উন্নয়নে দলগুলো ব্যাপক ভূমিকা পালন করে। জনগণ সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু এ সব রাজনৈতিক দলের মাধ্যমেই। সুতরাং রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেমন ছেলেখেলা ঠিক নয়, তেমনি আবার একে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যেতে হলে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার বড়ই প্রয়োজন। আমরা আশা করতে পারি, আমাদের রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শুরু করবে। তা হলে মাঝেমধ্যে দলের মধ্যে যে বিদ্রোহ দেখা দেয়, তা আর হবে না।


এ ক্যটাগরির আরো খবর..