বিশেষ প্রতিবেদক : রাজধানীর উত্তরায় পুলিশের শটগানের গুলিতে দুই ‘ছিনতাইকারী’ আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ বুধবার ভোরে এ ঘটনাঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন স্বপন (৩৪) ওআবুল কাশেম (৪০)।
আহত অবস্থায় তাঁদের দুজনকে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ‘আজ ভোরে আমাদের কাছে খবর আসে, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের সামনে দুটি প্রাইভেটকার নিয়ে বেশ কয়েকজন ছিনতাইকারী অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় যায়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কার নিয়ে পালাতে থাকে ছিনতাইকারী। পুলিশ তাদের পিছু নেয়। পরে উত্তরা কামারপাড়া এলাকায় ব্যারিকেড দিয়ে একটি রুপালি রঙের প্রাইভেটকার আটক করা হয়।’
ওসি জানান, এ সময় গাড়ির ভেতরে থাকা তিন ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে পুলিশশটগানের গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়। অপর একজন পালিয়ে যায়। গাড়ির ভেতর থেকে ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে অপর একটি প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছে অন্য ছিনতাইকারীরা। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে ওসি আলী হোসেন জানান।


