রাজধানীতে নৌকা বাইচ। রাজধানী ঢাকার নবাবপুরে দীর্ঘ ৩৫ বছর পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ এর জমজমাট ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) নবাববাড়ী অ্যাংলিং ও পুকুর পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
ফাইনাল প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নবাববাড়ির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে নিয়মিত এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।
ইশরাক হোসেন বলেন, প্রায় সাড়ে তিন দশক পর নবাবপুরে আয়োজিত নৌকা বাইচের ফাইনাল পর্বে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। পুরো আয়োজনটি উপভোগ করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, পুরোনো ঐতিহ্যগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। নবাববাড়ির ঐতিহ্যকে এগিয়ে নিতে নৌকা বাইচের পাশাপাশি এলাকার অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠানও আয়োজন করার আহ্বান জানান তিনি।
এসব উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে ইশরাক হোসেন বলেন, ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আয়োজকদের পাশে থাকবে তার সহযোগিতা।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।