রমজান কোরআন নাজিলের মাস। আল্লাহ এই মাসে কোরআনসহ অন্যান্য আসমানি গ্রন্থ নাজিল করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘রমজান মাস, এতে মানুষের দিশারী এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫) কোরআন ও হাদিসে যেসব আমলের তাগিদ বেশি এসেছে, এমন কয়েকটি আমল হলো—
রমজানে মনীষীদের কোরআনচর্চা
রাসুলুল্লাহ (সা.) রমজানে কোরআনচর্চায় আরো বেশি মনোযোগী হতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ফাতেমা (রা.)-কে বলেন, ‘জিবরাইল (আ.) প্রতি বছর এসে পূর্ণ কোরআন একবার আমার কাছে পেশ করতেন। কিন্তু এ বছর তিনি এসে তা আমার কাছে দুবার পেশ করেছেন। এতে আমি ধারণা করছি, আমার চিরবিদায়ের সময় সন্নিকটে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬২৮৫)
এ জন্য পুণ্যাত্মা মনীষীগণ রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। ইমাম মালিক (রহ.) রমজানে হাদিস ও জ্ঞানীদের মজলিস পরিহার এবং কোরআন তিলাওয়াতকে অগ্রাধিকার দিতেন। উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আবদুুল মালিক প্রতি তিন দিনে একবার কোরআন খতম করতেন এবং রমজানে ১৭ বার কোরআন খতম করতেন। কাতাদা (রহ.) রমজানে কোরআনের দরস দিতেন। তিনি প্রতি সাত দিনে একবার কোরআন খতম করতেন। রমজানের প্রথম দুই দশকে প্রতি তিন দিনে একবার এবং শেষ দশকে প্রতিদিন একবার কোরআন খতম করতেন। ইমাম শাফেয়ি (রহ.) প্রতি মাসে ৩০ বার এবং রমজানে ৬০ বার কোরআন খতম করতেন। ইমাম বুখারি (রহ.) রমজানের দিনে একবার কোরআন খতম করতেন এবং রাতে তারাবির পর তাহাজ্জুদে এক খতম কোরআন তিলাওয়াত করতেন। (সিয়ারু আ’লামিন নুবালা, ৮/৬৯, ৪/৩৪৭, ৫/২৭৩ ও ২৭৬, ১০/৩৬, ১২/৪৩৯)
রমজানে মনীষীদের তাহাজ্জুদ
আল্লাহর কাছে তাহাজ্জুদ নফল নামাজের ভেতর সবচেয়ে প্রিয় আমল। পবিত্র কোরআনের একাধিক স্থানে এই নামাজের প্রতি মুমিনদের উৎসাহিত করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহর প্রিয় বান্দা তারা, যারা তাদের রবের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়।’ (সুরা ফোরকান, আয়াত : ৬৪)। মহানবী (সা.) নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। রমজানেও তার ব্যতিক্রম ছিল না। পবিত্র কোরআনে তাঁর তাহাজ্জুদ আদায় সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন। এটা আপনার অতিরিক্ত দায়িত্ব। অচিরেই আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৭৯)
রমজানে মনীষীরা তাহাজ্জুদে মনোযোগী হতেন। আবু উসমান নাহদি (রহ.) বলেন, ‘আমি আবু হুরায়রা (রা.)-এর বাড়িতে সাতবার আতিথ্য গ্রহণ করেছি। তিনি, তাঁর স্ত্রী ও তাঁদের সেবক রাতকে তিন ভাগে ভাগ করে নিতেন। একজন নামাজ পড়ে আরেকজনকে ডেকে দিতেন।’ (তাবাকাতুল হুফফাজ : ১/৪৫)
সাদ্দাদ ইবনে আউস (রহ.) যখন বিছানায় যেতেন মনে হতো উত্তপ্ত কড়াইয়ের ওপর একটি শস্যদানা। অতঃপর ‘হে আল্লাহ, জাহান্নাম আমাকে ঘুমাতে দেয় না’ বলে নামাজে দাঁড়িয়ে যেতেন। (তারিখে দামেস্ক : ২২/৪১৬)। সায়িব ইবনে ইয়াজিদ (রা.) বলেন, ওমর ইবনুল খাত্তাব (রা.) রমজানে তাহাজ্জুদের ইমামতির জন্য উবাই বিন কাব ও তামিমে দারি (রা.)-কে নির্দেশ দেন। তারা প্রতি রাকাতে দুই শ আয়াতের মতো তিলাওয়াত করতেন। নামাজ দীর্ঘ হওয়ায় আমরা লাঠির ওপর ভর দিতাম এবং ফজরের কিছু সময় আগে ঘরে ফিরতাম। (সুনানে বায়হাকি, হাদিস : ৪৮০০)