শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিশেষ অভিযানে বিএনপি, জামাত-শিবিরের ১২জন নেতা-কর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশ কন্ট্রোল রুম সুত্র জানায়, গ্রেফতার কৃতদের মধ্যে কোতয়ালী থানা বিএনপির ৩ জন, বদরগঞ্জ জামাতের ২জন, কাউনিয়া এক জন, পীরগাছা জামাত-শিবিরের ৩ জন ও মিঠাপুকুর ৪ জনকে গ্রেফতার করেন। এ ছাড়াও জেলা পুলিশের অভিযান চালাকালীন বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে আরো ৫৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি, মাদক সেবন, হত্যা, মারামারি, প্রতারনাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। জেলা গোয়ন্দা পুলিশের পরিদর্শক মোসাব্বিরুল হক জানায়, রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশের উজ্জল ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সেজন্য এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।