শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর নগরীতে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর নগরীর আলমনগর এলাকার রেল স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর হোসেনের তুলার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে মিল বন্ধ থাকায় আগুনে কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত মালিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, কাপড়ের ঝুট থেকে তুলা তৈরির সময় মেশিন থেকে আগুনের ফুলকি পরলে কারখানায় আগুন লেগে যায়। মিল মালিক জাহাঙ্গীর হোসেন জানান, আগুনে কারখানায় রাখা তুলাসহ বেশ কয়েকটি মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে । এতে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
রংপুর ফায়ার সার্ভিস’র সহকারী পরিচালক মোহাম্মদ আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনে কারখনার সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। কারখানা এলাকা বসতি পূর্ণ হওয়ায় ক্ষতির পরিমান বেড়েছে। তিনি বলেন, কারখানার চার পাশের বসতবাড়ি গুলোকে নিরাপদ রাখতে আমরা বাহির থেকে কাজ করি। এতে প্রায় ৪ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, এলাকাবাসী অভিযোগ করে বলেন, এর আগেও ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবাসিক এলাকায় এ ধরনের মিল স্থাপন না করার জন্য জাহাঙ্গীর হোসেনকে অনুরোধ জানালেও তিনি তা কর্ণপাত করেননি। ফলে যে কোনো মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কায় করছেন এলাকাবাসী।