যশোর প্রতিনিধি: বেনাপোলের ওপারে ভারতের যশোর রোড বা ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়ি করে কলকাতার দিকে যাতায়াত করাটা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকদের কাছে। গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে জোর করে চলছে চাঁদা আদায়। টাকা দিতে অস্বীকার করলে বচসা, মারধরের ঘটনাও ঘটছে নিয়মিত। অসুস্থ রোগীরাও চাঁদাশিকারীদের হাত থেকে নিষ্কৃতি পাচ্ছেন না। ইতিমধ্যে বনগাঁ ও গাইঘাটা থানায় দু’জন গাড়িচালক চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
গাইঘাটা থানার পুলিশ সড়কে জোর করে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতারও করছে স্থানীয় মোল্যাপাড়া এলাকা থেকে। বন্ধ করে দিয়েছে একটি পুজোর অনুমতি। পুলিশি টহলও চলছে। কিন্তু চাঁদাশিকারীদের দৌরাত্ম্য কমেনি। ভুক্তভোগীরা জানান, পুলিশের নজর এড়াতে ভোরের দিকে পথে নামছে চাঁদাবাজরা। ওই সময়ে পুলিশি টহল কিছুটা শিথিল হয়ে আসে। পুলিশি গতিবিধির উপরে নজর রাখার জন্য চাঁদাবাজদের নিজস্ব ‘সোর্স’ও আছে। পুলিশ আসার খবর দ্রত পৌঁছে দেওয়া হচ্ছে মোবাইলে। সরে পড়ছে চাঁদাবাজরা।
কয়েকজন ট্রাক চালক জানালেন, মূলত ভোররাত থেকে শুরু হচ্ছে জুলুম। হলুদ ট্যাক্সি, যা কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তে বা সেখান থেকে যাত্রী নিয়ে কলকাতার দিকে যাতায়াত করে, তাদের যাত্রীদের উপরে বেশি জুলুম চলছে। ওই ট্যাক্সিগুলো কলকাতার। যাত্রীদের অনেকেই বাংলাদেশি নাগরিক।
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভারতে বেড়াতে যাচ্ছে। সে কারণে বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। বাঙালি হিন্দুদের বৃহত্তম এ উৎসব উপলক্ষে সীমান্তের দু’পারে কড়াকড়ি আরোপ করা হলেও ভারতে চলছে বেপোরোয়া চাঁদাবাজি। বেশিরভাগ ক্ষেত্রে চাঁদাবাজির শিকার হচ্ছেন বাংলাদেশিরা।
সম্প্রতি ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের পর থেকে চাঁদাবাজি শুরু হয়। ভারতীয় কাস্টম, ইমিগ্রেশন যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো টাকা হাতিয়ে নিচ্ছে। টাকা দিতে অস্বীকার করলে বসিয়ে রাখা হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এর পর বাস, রিকশা, থ্রিহুইলার বা ট্যাক্সিযোগে কলকাতা যাওয়ার পথে হরিদাসপুর, মতিগঞ্জ, বনগাঁ, হাবরা, অশোকনগর, বারাসাতসহ পেট্রাপোল চেকপোস্ট থেকে কলকাতা পর্যন্ত সড়কে অন্তত ১৫-২০টি স্পটে ব্যারিকেড দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে রেল স্টেশনেও। রেহাই পাচ্ছে না সরাসরি চলাচলকারী বাসও। বিভিন্ন ক্লাব-সংঘের ব্যানারে সক্রিয় এসব চাঁদাবাজ গ্রুপকে ঠেকাতে পুলিশও অনেকটা নির্বিকার। বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন দুই হাজারের বেশি যাত্রী বৈধভাবে যাতায়াত করে থাকেন। কিন্তু পুজোর কারণে এখন বেনাপোল দিয়ে দিনে গড়ে তিন হাজারের বেশি বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারত যাতায়াত করছেন।
ভারতফেরত বাংলাদেশি সন্তোষ কুমার ঢালি বলেন, ‘যশোর রোডের হরিদাসপুর, মতিগঞ্জ, বনগাঁ থানার কালুপুর বাজার, হাবরা, মালোপাড়ার মোড়, গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার, ন’হাটা মোড়, গাইঘাটা থানার মোড়, গাইঘাটা থানার বাজার, গাইঘাটা পেট্রোল পাম্প, বারাসাত, অশোকনগর পর্যন্ত যাওয়ার পথে আরও অন্তত দশ জায়গায় পুজোর নামে চাঁদা তোলা হচ্ছে।’
বগুড়ার সামিউল্লাহর স্ত্রী রেজওয়ানা আক্তার বলেন, ‘ওপারে পাঁচ হাজার টাকা পুজোর চাঁদা দিয়ে আসতে হয়েছে। চাঁদা না দেওয়ায় তাদের কয়েক ঘণ্টা আটকে রাখা হয় বিভিন্ন স্থানে।’ হয়রানির শিকার সখিনা রহমান বলেন, ‘সারা রাস্তায় দিতে হয়েছে পুজোর চাঁদা। আর কাস্টমে এসে আরেক জ্বালা। তারা কোনো কাগজপত্র মানেন না। টাকা দিলে সাত খুন মাফ। না দিলে শুরু হয় হয়রানি।’
ভারতে চিকিৎসার জন্যে যাওয়া রাজধানীর ফরিদাবাদ এলাকার রেজাউল ইসলাম বলেন, ‘চিকিৎসা শেষে সুস্থ হয়েই ফিরছিলাম। কিন্তু হরিদাসপুর এসে দালাল ও কাস্টমস কর্মকর্তাদের দুর্ব্যবহারে আবার অসুস্থ হয়ে পড়েছি। তারা জোর করে দুই হাজার টাকা ঘুষ নিয়ে তবে আমাকে ছেড়েছে।’
ভারতের ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার বলেন, ‘থানাগুলোকে চাঁদার জুলুমের বিষয়ে সর্তক করা হয়েছে। পুলিশ অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে। তা ছাড়া, সর্বক্ষণ পুলিশি টহল চলছে।