যশোর প্রতিনিধি: যশোর- বেনাপোল মহাসড়কের মালঞ্চীতে একটি যাত্রীবাহী বাস উল্টে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় মহিলাসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে, ঝিকরগাছা উপজেলার মালঞ্চী গ্রামের হাতেম আলীর ছেলে ওহেদ আলী (৫৫) ও যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আইয়ুব হোসেন(৪৩)। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আহতরা হচ্ছেন, রাকিব(৪৫), অজ্ঞাত(৩৪), রাকিবুল হাসান(৩৮), লিয়াকত হোসেন(৪০), নাছিমা খাতুন(৩০), নিলুফার (৩২), আব্দুল খালেক(৩১), আব্দুর রশিদ(৪৮), আব্দুর রাজ্জাক(৪০), লিপি সরকার(৩০), খোকন হোসেন(৪০) এবং হানিফ (৫৫)। আহতরা জানান, মঙ্গলবার সকালে যশোর চাঁচড়া মোড় থেকে একটি যাত্রীবাহী বাস বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে মালঞ্চী এলাকায় একটি নসিমনকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে পথচারীসহ বাসযাত্রীরা আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে ওহেদ আলী ও আইয়ুব হোসেনের মৃত্যু হয়। লাশময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।