মোঃ মাসুদুর রহমান শেখঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ দল। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
রবিবার (৭ জুলাই) ভোরে রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে এ গাঁজার চালানটি উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, ১নং ঘিবা সীমান্তে অভিযান চালানো হয়। এসময়ে দু’জন পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি টুপলা ফেলে পালিয়ে যায়। পরে ওই টুপলা খুলে তার ভিতরে ২৮ কেজি গাঁজা পাওয়া যায়।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা বলে জানায় বিজিবি।
আটককৃত মাদকদ্রব্যগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক চোরাকারবারীদেরকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।



