কোন কারণ ছাড়াই যশোরের বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
আজ দুপুর ১টায় প্রেসক্লাব যশোরে জেলা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গতকাল রোববার সন্ধ্যায় কেশবপুর উপজেলা শহরে ৫০-৬০ টি মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহড়া চালায়। এ সময় তারা খুঁজে খুঁজে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদেরকে ধরে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। তাদের মধ্যে ৯ জনকে খুলনা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া গত ১৬ ই আগস্ট সন্ধ্যায় শার্শা উপজেলার বেনাপোল বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে ১১ নেতাকর্মীকে আহত করে। তারা সকলেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলসহ দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন ত্রাস সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ হামলা, ভাঙচুর চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, হামলাও ভাঙচুরের ঘটনায় পুলিশকে অবহিত করল কোন প্রতিকার মেলেনি। এমনকি তারা মামলাও নিচ্ছে না।