× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
দর্জি বাড়ির ব্যস্ততা

নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের গাওয়া বহুল আলোচিত গান “দর্জি বাড়ী চলরে মন তুই দর্জি বাড়ী চল”—গানটির কথা যেন বাস্তব চিত্র হয়ে উঠেছে ঈদকে সামনে রেখে। পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় নতুন পোশাক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে দর্জি বাড়িগুলো।

ঈদের আনন্দ শতভাগ উপভোগ করতে নতুন পোশাকের বিকল্প নেই বলেই অনেকেই গজ কাপড় কিনে পছন্দের ডিজাইনের পোশাক বানাতে দর্জি দোকানে ভিড় জমিয়েছেন। বিশেষ করে নারীরা নিজেকে সাজাতে কাপড়ের রং ও নকশা মিলিয়ে গজ কাপড় কেনার পর ছুটছেন দর্জি বাড়িতে। কেউ কিনছেন লেইস, কেউবা পোশাকের সঙ্গে মানানসই করে ওড়না ও সালোয়ারের কাপড়ও সংগ্রহ করছেন। ফলে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি দোকানগুলোর ব্যস্ততা।

সরেজমিনে ঝিকরগাছা বাজার ও আশপাশের বিভিন্ন মার্কেটের টেইলার্স ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানেই পোশাক তৈরির অর্ডার নেওয়া প্রায় শেষ পর্যায়ে। হাতে থাকা অর্ডার সময়মতো সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন কারিগররা। অনেক দোকানে নতুন করে অর্ডার নেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদের আগে ক্রেতাদের পোশাক প্রস্তুত করতে অনেক কারিগরকে গভীর রাত পর্যন্ত সেলাই মেশিন চালিয়ে কাজ করতে দেখা গেছে।

এদিকে পাইকারি কাপড়ের বাজারসহ শহরের বিভিন্ন বিপণীবিতানে দেশি-বিদেশি নানা ধরনের কাপড়ের সমাহার দেখা গেছে। গজ কাপড়ের দোকানগুলোতে গিয়ে জানা যায়, এবার তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে কাতান, সিল্ক জর্জেট, প্রিন্টের জর্জেট, লিলেন, খাদি, অরগেন্ডি, চুমকি ও সুতার কাজের চিকেন জুটকটন কাপড়। এসব কাপড় দিয়ে তৈরি পোশাক ঈদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করছে। বিশেষ করে কাতান কাপড় দিয়ে তৈরি পোশাককে অনেকেই গার্জিয়াস হিসেবে বিবেচনা করছেন।

ঝিকরগাছা বাজারের পানপট্টি এলাকার আকাশ টেইলার্স অ্যান্ড সুতা ঘরের মহাজন মো. মনিরুল ইসলাম বুলবুল জানান, বাজারে বর্তমানে প্রতি গজ সুতি কাতান কাপড় ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। সিনথেটিক কাতান বিক্রি হচ্ছে প্রায় ৪৫০টাকায়। জুট কটন কাপড় প্রতি গজ ৪০০ থেকে ৬০০ টাকা, চিকেন কাপড় ৫৫০ থেকে ৯০০টাকা এবং অরগেন্ডির ওপর কাজ করা কাপড় ৫০০ থেকে ৭০০টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া বাটিক ও টাইডার সুতি কাপড় প্রতি গজ ৭০ থেকে ৪০০টাকা এবং জর্জেটের বাটিক কাপড় প্রায় ৪৫০টাকায় বিক্রি হচ্ছে।

পোশাক তৈরির অর্ডার দিতে আসা গৃহিণী ফারিদা ইয়াসমিন পলি বলেন, “আমি নিয়মিত এখান থেকে পোশাক তৈরি করি। এখানকার কারিগরদের সেলাই ভালো এবং কাজ নিখুঁত। কয়েকদিন পর ঈদ, তাই পছন্দের ডিজাইনের পোশাক বানাতে আগেভাগেই অর্ডার দিতে এসেছি।”

কাটিং মাস্টার ও মহাজন মো. মনিরুল ইসলাম বুলবুল আরও জানান, সালোয়ার-কামিজ তৈরির মজুরি সাধারণত ৩৫০টাকা থেকে শুরু হয়ে পোশাকের ডিজাইন ও কাপড়ের ধরন অনুযায়ী বাড়ে। তবে ঈদের সময় অর্ডারের চাপ এতটাই বেশি থাকে যে সময়মতো কাজ শেষ করতে কারিগরদের দিন-রাত পরিশ্রম করতে হয়। তিনি আরও বলেন, “ঈদ সামনে রেখে প্রচুর অর্ডার এসেছে। অনেক দোকানেই নতুন অর্ডার নেওয়া বন্ধ করতে হয়েছে। এখন আগের অর্ডারগুলো সময়মতো শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ।”

সব মিলিয়ে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঝিকরগাছার দর্জি দোকানগুলোতে এখন ব্যস্ততার চরম সময় পার হচ্ছে। নতুন পোশাক তৈরির এই কর্মচাঞ্চল্যে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় টেইলার্সগুলো, আর কারিগরদের অক্লান্ত পরিশ্রমেই পূর্ণতা পাচ্ছে ঈদের প্রস্তুতি।


এ ক্যটাগরির আরো খবর..