মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর শহরের পশুহাটের সামনে সিপি বাংলাদেশ নামের একটি ভুট্রা ক্রয় কেন্দ্রে ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাত দল নগদ ৭ থেকে ৮ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়াও প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ভূট্টা বিনিষ্ট করে। ভাংচুর চালায় দু’টি কক্ষে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতিকালে বাধা দেওয়ায় তিন কর্মচারীকে মারধর করে তারা।
ভুট্রা ক্রয় কেন্দ্রের পরিচালক সাজ্জাদ হোসেন পলাশ জানান, রাত ১১টার দিকে হঠাৎ ১০-১২ জন মুখশধারী ডাকাত তার অফিসে প্রবেশ করে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা অফিসের ক্যাশ কাউন্টার প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে নগদ ৭ থেকে ৮ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দু’টি কক্ষের আসবাপত্র, দু’টি ল্যাপটপ, একটি ডেক্সটপ, একটি প্রিন্টার, সিসি ক্যামেরা, টেলিফন সেট ভাংচুর করে। নিয়ে যায় তিনটি ভূট্টার ময়েশ্চার মাপার মিটার।
পালিয়ে যাবার সময় পাশের পুকুরে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ভূট্টা ফেলে দিয়ে বিনিষ্ট করে। ডাকাতিকালে তাদের বাধা দিতে গেলে তিন জন কর্মচারীকে মারধর করে ডাকাতদলের সদস্যরা। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে তান্ডব চালায় ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ঘটনার পর ডাকাতদের আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৭।



