আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং অপপ্রচার মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সমন্বিতভাবে কাজ করবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি-র সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খানের এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।
সাক্ষাৎকালে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর বিভিন্ন কর্মসূচির সফল প্রচার ও গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ড. আইরিন খান বিশ্বমঞ্চে বাংলাদেশের অর্জনসমূহ যথাযথভাবে উপস্থাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করলে মন্ত্রী প্রয়োজনীয় সমর্থনের আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ও অপপ্রচারের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের অপতথ্য মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ, দ্রুত কার্যকর যোগাযোগ কৌশল প্রণয়ন এবং দেশের অবস্থান শক্তিশালী করতে যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।
তথ্যমন্ত্রী এ সময় ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সরকার, দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ বৈঠকে পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




