বাবা হোর্হে মেসির মৃত্যুর খবরে গভীর শোকে আর্জেন্টিনায় ফিরছেন ফুটবল তারকা লিওনেল মেসি। পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকতে ক্লাব ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি। ফোর্ট লডারডেল থেকে ইতোমধ্যে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দিয়েছেন মেসি। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে নিজের শহর রোসারিওতে পৌঁছানোর কথা রয়েছে তার।
শৈশব থেকে পেশাদার ফুটবলার হয়ে ওঠার পুরো যাত্রায় মেসির অন্যতম প্রধান অভিভাবক ও পথপ্রদর্শক ছিলেন তার বাবা হোর্হে। বাবার শেষ বিদায়ে উপস্থিত থাকতেই দেশে ফিরছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
পরিবারের সদস্যদের পাশাপাশি মা সেলিয়ার কাছেও এই শোকের সময়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। হোর্হে মেসির শেষকৃত্য ঘিরে আয়োজনটি রাখা হচ্ছে অত্যন্ত ব্যক্তিগত পর্যায়ে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
শেষকৃত্য শেষ হলে মেসি আবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফেরার পরিকল্পনা রয়েছে। তবে এ নিয়ে কোনো ধরনের চাপ দিচ্ছে না ইন্টার মায়ামি। শোকের সময়ে মেসির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
এদিকে লিগস কাপের গ্রুপ পর্বে মন্টেরেরির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে মেসির শুরু থেকেই মাঠে থাকার কথা ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর তাকে ওই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি।
হোর্হে মেসির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, তার শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ, রোসারিও সেন্ট্রালসহ বিভিন্ন ক্লাব ও ফুটবলসংশ্লিষ্ট প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে। মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে থাকলেও ছেলের ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে ছিলেন অন্যতম প্রধান সহায়ক। মেসির জীবনে তার বাবার এই ভূমিকার কারণেই হোর্হে মেসির মৃত্যুতে ফুটবল বিশ্বেও নেমে এসেছে শোকের আবহ।


