নাইজেরিয়ার আবুজায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নাইজেরিয়ার নাইল বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক উসমান নুরি আরাজ, অধ্যাপক ড. আদেসিনা উসমান গোনিয়েত এবং বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন অংশ নেন।
অনুষ্ঠানে অধ্যাপক উসমান নুরি আরাজ বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধু এক মহান নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তাঁর বীরোচিত আত্মত্যাগ পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উন্নয়ন সম্পর্কে উপাচার্য বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
বিদোষ চন্দ্র বর্মন বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বই দেননি, যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের কাজও শুরু করেন। বঙ্গবন্ধু কৃষক ও শ্রমিককে শোষণ থেকে মুক্তির জন্য একটি সমৃদ্ধ দেশ চেয়েছিলেন, যেখানে ধনী-গরীবের বৈষম্য থাকবে না।
ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম-আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়ন-বিস্ময় যার মাধ্যমে স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে।
অধ্যাপক ড: আদেসিনা উসমান গোনিয়েত বলেন, বঙ্গবন্ধু সারাবিশ্বের স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণীয় হয়ে আছেন। সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা খুবই প্রশংসনীয়। তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও নাইজেরিয়া তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে- বিশেষ করে, পোশাক, ঔষধ, নারী ক্ষমতায়ন ও কৃষি-ক্ষেত্রে।
আলোচনাশেষে ভারপ্রাপ্ত হাইকমিশনার নাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে নাইজেরিয়ার সরকার কর্তৃক অবমুক্ত স্মারক ডাকটিকেট হস্তান্তর করেন।