ঢাকা: প্রকৃতি ও পর্যটনের সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রাকৃতিক পরিবেশের উন্নতির সাথে পর্যটনের উন্নয়ন সম্পর্কিত। মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের ফলে সবুজ প্রকৃতিতে সমৃদ্ধ হবে দেশের পর্যটন। বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে আজ জাতীয় সংসদ ভবন চত্বরে জাতীয় সংসদ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের উপকূলীয় অঞ্চল ও কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউবন তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে। জাতির পিতা প্রকৃতির ভারসাম্য বজায় রেখে দেশের উন্নয়নের প্রতি নজর দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ তাঁর কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সবুজ প্রকৃতি বাংলাদেশের পর্যটনের সবচাইতে শক্তিশালী অংশ। আমরা যত বেশি প্রকৃতির যত্ন নেব পর্যটন কেন্দ্রগুলো তত বেশি আকর্ষণীয় রূপে পর্যটকদের কাছে উপস্থাপিত হবে। প্রকৃতির ক্ষতি করে কোন ধরনের পর্যটন কেন্দ্র নির্মাণ করা যাবে না। পর্যটন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার বাস্তুসংস্থান রক্ষায় গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ১৬ জুলাই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচি উদ্বোধন করেন।