আ শিস নেহরা, রবিচন্দ্রন অশ্বিনের দিকেই মনোযোগটা বেশি। তবে অলক্ষ্যে থেকে একজন সর্বনাশ করে দিতে পারেন। জসপ্রীত বুমরা তো গত কিছুদিনে ভারতের বড় ভরসাই হয়ে উঠছেন। বিশেষ করে শেষ দিকের ওভারে তাঁর ইয়র্কার সামলানোই সাকিবদের বড় চ্যালেঞ্জ। আর সেটার জন্য বুমরা লাসিথ মালিঙ্গার প্রতি একটু কৃতজ্ঞ থাকতেই পারেন।
এমনিতেই অ্যাকশনটা প্রথাগত নয়। মালিঙ্গার অ্যাকশনের সঙ্গে অবশ্য মেলানো যাবে না। তবে প্রথাগত অ্যাকশনের বাইরে থেকে মালিঙ্গা তাঁর সবচেয়ে ভয়ংকর অস্ত্র বানিয়ে তুলেছিলেন ইয়র্কারই। বুমরারও বড় অস্ত্র তাঁর ইয়র্কার। মালিঙ্গা আর বুমরা দুজনই একসঙ্গে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানস। বুমরার উঠে আসা আইপিএল থেকেই।
অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ থেকেই নিজেকে চেনাতে শুরু করেছেন বুমরা। এর পর শ্রীলঙ্কা সিরিজের পর এবারের এশিয়া কাপেও সেই ঝলক দেখিয়েছেন। এবারের এশিয়া কাপের চার ম্যাচেই ভালো বোলিং করেছেন। প্রতি ম্যাচেই তুলে নিয়েছেন উইকেট। বিশেষ করে তাঁর বোলিং খেলতেই পারেনি পাকিস্তান। সেই ম্যাচে ৩ ওভারের দুটিতেই দিয়েছিলেন মেডেন। ৮ রানে তিন উইকেট।
ইয়র্কারটাই এখন বুমরার সবচেয়ে বড় তুরুপের তাস। সেটার জন্য ভারতের পেসার কৃতিত্বটা দিয়েছেন মালিঙ্গাকেই। মালিঙ্গাকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছিলেন। শ্রীলঙ্কা অধিনায়ক মালিঙ্গাও এবার জানালেন, বুমরা তাঁর কাছ থেকে কিছু পরামর্শ নিয়েছিলেন, ‘বুমরা আমার কাছে এসেছিল। সে আমার কাছ থেকে ইয়র্কার শিখতে চেয়েছিল। ওর জন্য কিছু করতে পেরে আমার খুবই ভালো লেগে ছিল। আমি ওকে কয়েকটা পরামর্শই দিয়েছিলাম শুধু, এর বেশি কিছু নয়। আসল কৃতিত্বটা ওরই প্রাপ্য।’
আগামীকাল ফাইনালেও ভারতের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বুমরা। বাংলাদেশ অবশ্য জানিয়ে দিয়েছে, বুমরার জন্য তারাও প্রস্তুত। তবে শুধু এক বোলারের দিকে বাড়তি চোখ দিতেও নারাজ বাংলাদেশ।