সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, জন্ম থেকেই আওয়ামী লীগের সঙ্গে আত্মত্যাগের মহান ইতিহাস জড়িয়ে আছে। এ দল ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই আত্মত্যাগের মহান ইতিহাস রচনা করেছে। তাই আওয়ামী লীগ শুধু একটি দল আওয়ামী লীগ একটি অনুভূতির নাম যে অনুভূতি ত্যাগের এবং আত্মত্যাগের।
আজ ২৩ জুন শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মহানগর আয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। দীর্ঘ এই পথচলায় অধিকাংশ সময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তাঁদের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং জনমানুষের আবেগ ও অনুভূতির বিশ্বস্ত ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
দলের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার পেছনে সবচেয়ে বেশী কাজ করেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা। এ বিজয় আওয়ামী লীগের।
সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য নুরুন নেছা হেনা, তাহমিন আহমদ, ১৮ ও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাজোয়ান আহমেদ, এডভোকেট বিজয় কুমার দেব।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সদস্য রোকসানা পারভীন, জামাল আহমদ চৌধুরী প্রমুখ।



