মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া। বুধবার সকালে কাঁঠালবাড়ি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শিবচরের বাংলাবাজার এলাকায় পদ্মানদীর পাড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। মাহফুজ আলমের গল্প অবলম্বনে ও সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় মহড়াটি অনুষ্ঠিত হয়।
এটি পরিবেশন করেন অদিতি শিল্পিগোষ্ঠি। পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে এটি বাস্তবায়ন করে এসডিএস নামের একটি প্রতিষ্ঠান। মহড়ায় আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সামাজিক সুরক্ষা এবং জলবায়ুর ঝুঁকি মোকাবিলার নানা কৌশল দেখানো হয়।
এমন দুর্যোগে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কেন্দ্র, প্রাণী সম্পদ আশ্রয়, জরুরি স্বাস্থ্যসেবায় তাৎক্ষনিক কি করনীয়, কোথায় আশ্রয় নিতে হয়, এসব বিষয়ের উপর জোর দেয়া হয়। এ সময় পদ্মাপাড়েরর শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ মহড়া দেখেন।
পাশাপাশি তাদের নানা প্রশ্নের উত্তর খুঁজে নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই দুর্যোগের আগে সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা জরুরি।
এ ধরনের মহড়া স্থানীয় জনগণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগকালীন জানমাল ও জীবিকার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল ইসলাম, শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ, ডঋচ-এর খুলনা অঞ্চল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসনীম তাবাসসুম, প্রকল্প সমন্বয়কারী মাহফুজুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।