মাদারীপুরের শিবচর ২৪ ঘন্টার জন্য লকডাউন, বের হলেই শাস্তি

মাদারীপুরের শিবচর ২৪ ঘন্টার জন্য লকডাউন, বের হলেই শাস্তি

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সম্প্রতি ৬৩৯ মানুষ ইতালি, গ্রিস, স্পেন কিংবা জার্মানি থেকে এসেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৮০ জন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে ২৪ ঘণ্টার জন্য ‘লকডাউন’ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

করোনা প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ ও মুদি দোকান বাদে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, করোনা প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধের দোকান ছাড়া উপজেলার সব হাটবাজার ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না থেকে জন সাধারণকে অনুরোধ জানানো হয়।

মাদারীপুরের শিবচর উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রথম জায়গা যেখানে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সাময়িকভাবে লকডাউন করা হলো।

এই শিবচর উপজেলা লকডাউন করা হতে পারে – এমন একটি ইঙ্গিত বিকেলেই দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, কিছু কিছু এলাকা আছে যেখানে বিদেশ ফেরত অনেক মানুষজন কোয়ারেন্টাইন মানছেন না, কিছু এলাকায় অনেক বেশি বিদেশ ফেরত মানুষ অবস্থান করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুরসহ বেশ কয়েকটি এলাকায় প্রয়োজনে লক ডাউন করার কথা ভাবছে সরকার।

তিনি বলেন, এসব এলাকায় তুলনামূলকভাবে বেশি আক্রান্তের লক্ষণ দেখা যাচ্ছে। যে ১৭ জনের দেহে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত হয়েছে, তাদের বেশিরভাগই এসব এলাকার বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা খবর পাই, ওখানকার লোক কোয়ারেন্টাইনেও বেশি, বিদেশে থাকেও বেশি। সেজন্য এসব জায়গাকে আমরা মোর ক্রিটিক্যাল (বেশি ঝুঁকিপূর্ণ) মনে করি। আগামীতে যদি ওখানে সত্যিই বেড়ে যায়, তাহলে আমরা লকডাউন করবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।