ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় ইউপি সদস্য মো.জুয়েলের ঘরের মেঝের মাটি খুঁড়ে পাওয়া গেছে দরিদ্র জেলে পূর্নবাসনের জন্য বরাদ্দ করা সরকারি চাল।
রোববার(১২এপ্রিল) সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্যের বসতঘর থেকে এসব চাল উদ্ধার করেছে পুলিশ।
সরকারি জরুরী সেবা কেন্দ্রের ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ভোলার লালমোহন থানার পুলিশ বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জুয়েলের বসতঘরের খাটের নিচের মাটি খুঁড়ে ৭ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য মো. জুয়েল পলাতক রয়েছে। তবে তার পিতা সাবেক ইউপি সদস্য নান্নু মিয়াকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে বদরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডেও ইউপি সদস্য মো. জুয়েলের ঘরে মাটি খুঁড়ে ৫ বস্তা ও ঘরের পেছন থেকে আরও ২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। জুয়েলকে না পাওয়ায় তাঁর পিতা নান্নু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সঙ্গে সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭ টি খালি বস্তা ও ৭ টি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড জব্দ করা হয়েছে।
এদিকে গত শুক্রবার রাত ১০টার দিকে একই ইউনিয়ন পরিষদের পাশে দুটি বাড়ি ও গাছের গুঁড়ির ভেতর থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার, তাঁর ভাতিজা ৬ নং ওয়ার্ডেও ইউপি সদস্য ওমর ফারুক ও একই ওয়ার্ডের আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম সহ ৪ জনকে আসামি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ ইউপি সদস্য ওমর ফারুককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।
দরিদ্র জেলে পূর্নবাসনের জন্য বরাদ্দ করা চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার বলেন, জব্দ করা সব চাল জেলেদের। জেলেরা চাল বিক্রি করেছেন। তিনি ১ মাসের চাল বিতরণ করেছেন, আরও ১ মাসের চাল বিতরণ করা হবে।