অবরোধের তৃতীয় দিনে শান্ত নগর, মহাসড়কে বিক্ষোভ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে সিলেট নগর শান্ত থাকলেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
০২ নভেম্বর বৃহস্পতিবার অবরোধ-সমর্থকেরা সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার তেমুখীতে ঢাকা-সিলেট মহাসড়কে গাছের ডালপালা ও শুকনা পাতায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখেন। আধা ঘণ্টা পর অবরোধ-সমর্থকেরা এখান থেকে সরে যান।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় যুবদলের ১৫-২০ জন নেতা-কর্মী ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে।
সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার বাইপাস এলাকার রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে পিকেটিং করে ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী। তবে কিছুক্ষণ পর সেখানে পুলিশ উপস্থিত হলে পিকেটারেরা পালিয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের মদিনামার্কেট, কুমারগাঁও, সুবিদবাজার, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, সোবহানীঘাট, কদমতলী ও ভার্থখলা এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা গত দুই দিনের তুলনায় বেড়েছে। তবে পর্যাপ্ত সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা না থাকায় কর্মস্থলে যেতে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে কোনো যাত্রীবাহী বাসের চলাচল দেখা যায়নি। তবে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলের চলাচল দেখা গেছে। অটোরিকশা, লেগুনা ও মোটরসাইকেলে করে মানুষ আশপাশের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিলেন।
কদমতলী এলাকায় সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সিলেট থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছাড়েনি। টার্মিনালে দূরপাল্লার যাত্রীদের উপস্থিতিও নেই। গত দুই দিনের মতো আজও টার্মিনালের সব কটি বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ আছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, গত দুই দিনের মতো আজও মহাসড়কসহ সব স্থানে পুলিশ কড়া নজরদারি আছে। এখন পর্যন্ত নগরে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মোহাম্মদ শাফিউর রহমান (বিপিএম) বলেন, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ তৎপর রয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ নাশকতার চেষ্টা করলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে তা দমন করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।