বিশেষ প্রতিবেদকঃ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদের আগের তিনদিন দেশের মহাসড়কগুলোতে চলাচল করা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে জারি করা এক ‘জরুরি জনগুরুত্বপূর্ণ’ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ঈদের আগের তিনদিন দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও দেখা গেছে বেশ কিছু যানবাহন এই নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কগুলোতে চলাচল করছে।
ভারী যানবাহনের মালিক এবং চালকদের প্রতি সরকারি আদেশ যথাযথভাবে পালনের অনুরোধ জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তা না হলে নিষেধাজ্ঞা অমান্যকারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে জ্বালানি, খাদ্যদ্রব্য, ওষুধ, পচনশীল দ্রব্য এবং গার্মেন্টস সামগ্রী বহনকারী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




