অলক দাস: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের তিন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছয় পদে ৯৮ জন প্রার্থী হওয়ায় মূল দলের উপজেলা পর্যায়ে নীতিনির্ধারকগণ পড়েছেন বিপাকে।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা, পৌর ও মধুপুর কলেজ কমিটি গঠন সংক্রান্ত সভায় চলে ঘাম ঝরানো মিটিং বক্তৃতা। শেষে প্রার্থীদের বক্তৃতা শুনে আপাতত স্থগিত করা হয়েছে কমিটি গঠনের ওই কর্মসূচি। মূল দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে বলা হয়েছে নানা দিক বিবেচনায় নিয়ে যাচাই বাচাই শেষে পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠিত হবে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হয়েছেন ১২ জন, সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৪৩ জন। পৌর কমিটির সভাপতি পদে ১১ জন, সাধারণ সম্পাদক পদে ২৩ জন নমিনেশন পত্র সংগ্রহ করেছেন। কলেজ কমিটিতে সভাপতি পদে সর্বনি“ তিন জন ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৬ জন।
উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক নাজির হোসেন সরকার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র সরকার সহিদ, সাংগঠনিক সম্পাদক হুমাযুন কবির তালুকদার, যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।




