ভারত প্রতিনিধিঃ ভুল নাম্বারে ফোন করে নারী কণ্ঠ পেয়ে মজে গিয়েছিল ভারতের আসামের রেজাউল ইসলাম(১৭) এক কিশোর। ধীরে ধীরে বাড়তে থাকে কথা বলার সময়।
ধীরে ধীরে অন্যান্য তথ্য আদানপ্রদান শুরু হয়। ফোনে অপরপ্রান্তে মিষ্টভাষী মহিলা কন্ঠের প্রেমে পড়ে যায় রেজাউল। মহিলাও তাতে রাজি । তবে প্রেমের প্রস্তাব নয়, বাড়িতে এসে সরাসরি অভিভাবককে দিতে হবে বিয়ের প্রস্তাব। দেখা করার একটাই শর্ত দিয়েছিলেন ওই সুকন্ঠী । প্রেমে হাবুডুবু খাওয়া কিশোর তখন তাতেই রাজি হয়ে যায়।
ভারতের আসামের গোয়ালপাড়া জেলার শিমলিতোলা এলাকার হেপচাপাড়া গ্রামের রেজাউল মোবাইলে মাস খানেক চুটিয়ে প্রেমের পর তার সঙ্গে দেখা করতে যায়। আর দেখা করতে গিয়েই বিপত্তি ! যেন বাজ ভেঙে পড়ল রেজাউলের মাথায়।
প্রথমবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার পরিবারের আবদার, আগে খাওয়া-দাওয়া হোক । পেটপুরে খেয়ে স্বপ্নের রাজকন্যা দেখতে তৈরি । কিন্তু ঘোমটা টেনে ঘরে ঢুকলেন ৬০ বছরের এক নারী। তাকে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পালানোর চেষ্টাও করেছিল রবিউল।
কিন্তু কন্যাপক্ষ ধরে বেঁধে কাজি ডেকে ওই পতিহীনার সঙ্গেই বিয়ে দিয়েছে কিশোর রবিউলের। বউ নিয়েই বাড়িও ফিরেছে সে। বউয়ের বয়স শাশুড়ির থেকেও বেশ কয়েক বছর বেশি ! নতুন বউমার দাবি, কাজি বিয়ে দিয়েছেন তাই স্বামীর ঘরেই সে থাকবে।
মিস্ত্রি কাজ করা কিশোর জানায়, মাসখানেক আগে বঙাইগাঁওয়ে এক জনকে ফোন করতে গিয়ে ভুল নম্বরে ফোন করায় তা চলে যায় বরপেটা জেলার সুখারচর গ্রামে ওই মহিলার মোবাইলে। সেই থেকেই শুরু। সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে।
রবিউল বারবার দেখা করতে চাপ দেয়। ওই মহিলা বলে একেবারে নিকাহ করতে হবে তবেই দেখা হতে পারে নতুবা নয়। মঙ্গলবার প্রেমিকার বাড়িতে যায় সে। বাড়ির লোক নিকাহের ব্যবস্থা করে।
এই ঘটনা জানাজানি হলে নতুন বৌ দেখতে আশপাশের গ্রামের লোক বাড়িতে ভেঙে পড়ে। কিন্তু পালিয়ে বেড়াচ্ছে রবিউল। বাড়ি থেকে বেরোচ্ছেন না নতুন বৌ-ও।
বিয়ে মানতে নারাজ নাবালক ছেলেটির পরিবার ও গ্রামের মানুষ। অল আসাম মুসলিম স্টুডেন্টস ইউনিয়ন (আমসু) বিষয়টির নিষ্পত্তিতে এগিয়ে এসেছে । কিশোর ছেলেকে জোর করে বিয়ে দেয়ানোর ঘটনা জানতে পেরে চাইল্ডলাইন বিষয়টি রাজ্য শি’শু সুরক্ষা কমিশনেও জানিয়েছে ।
জেলা প্রশাসক বর্ণালী ডেকা জানান, এখনো পুলিশে কোন অভিযোগ হয়নি। যদি অভিযোগ দায়ের হয় তাহলে আইন মেনেই ব্যবস্থা হবে।