ভিসির বাসভবনে হামলা হয়েছে সরকারি ‘এজেন্ট’ দিয়ে: রিজভী

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে নিতে সরকারি ‘এজেন্ট’ দিয়ে ভিসির বাসভবনে হামলা করা হয়েছে। দুই ঘণ্টাব্যাপী হামলা চলাকালে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এ হামলা পরিকল্পিত।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন নিয়ে সরকার কর্ণপাত করছে না। সোমবার মন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে, তা তামাশা ছাড়া আর কিছুই নয়।বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

তিনি আরও বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ে হানাদার বাহিনীর হামলাকে স্মরণ করিয়ে দেয়। ছাত্রছাত্রীদের ওপর গুলি, টিয়ারশেল দিয়ে যে নির্যাতন করা হয়েছে এবং শত শত ছাত্রছাত্রী রক্তাক্ত অবস্থায় যেভাবে কাতরাচ্ছিল, সেটা দেখে সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় বইছে।

রিজভী বলেন, ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দখলে ছিল। ছাত্রলীগের সন্ত্রাসী ছাড়া আর কেউ এ ধরনের হামলা ও ভাঙচুর করার সাহস রাখে কি? ছাত্রলীগ গুলি, হামলা, ভাঙচুর করেছে। গণমাধ্যমে সেসব খবর বেরিয়েছে, ছবি প্রকাশ হয়েছে তাদের ধরছেন না কেন?

তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্নখাতে নিতে সরকারি এজেন্টদের দিয়ে ভিসির বাসভবনে হামলা চালানো হয়েছে। এ হামলা পরিকল্পিত। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে প্রবেশের ১০ মিনিটের মাথায় এ হামলা সংঘটিত হয়। হামলার সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। তা থাকা সত্ত্বেও দুই ঘণ্টাব্যাপী হামলা চলাকালে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

রিজভী আরও বলেন, সরকারের জিডিপি বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ মিথ্যাচার যা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহম্মেদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।