বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাওয়ার বিষয়টি নাকচ করেছেন বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
আজ রোববার দুপুরে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত এ কথা বলেন।
এদিন ভারতের আনন্দবাজার পত্রিকা (এবিপি) গ্রুপের মালিকানাধীন এবিপিলাইভের এনলাইন সংস্করণে বলা হয়, ‘বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনের সচিব তথা বিশিষ্ট মানবাধিকার কর্মী রানা দাশগুপ্ত বলেছেন, মৌলবাদীরা এবং জামাত বাংলাদেশ থেকে হিন্দুদের অস্তিত্ব মুছে দিতে চাইছে। তাই তাঁরা ভারতের সাহায্য চাইছেন। ভারতের অধিকাংশ মানুষ হিন্দু। তাই তাঁরা আশা করেন, ভারত তাঁদের সাহায্য করবে। মোদির উচিত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা।’
এবিপিলাইভের প্রতিবেদনে আরো বলা হয়, ‘নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে তাকিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা। তাঁরা চাইছেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ঢাকার সঙ্গে কথা বলুক ভারত সরকার।’
এ বিষয়ে রানা দাশগুপ্ত বলেন, ‘আমি কাউকে এ ধরনের কথা বলিনি। কেউ আমার সাক্ষাৎকার নিতেও আসেনি।’