ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন।
ভারতে লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারকে ষড়যন্ত্র হিসেবে দেখছে আম আদমি পার্টি। গতকাল রাতে তার দলের নেতা ও দিল্লির শিক্ষামন্ত্রী অতীশী মারলেনা সিং সাংবাদিকদের বলেন, দুই বছর আগে এ মামলার তদন্ত শুরু হয়েছিল। এ মামলায় আম আদমি পার্টির নেতা ও মন্ত্রীদের বাসায় হাজারো অভিযান চালানো হয়েছে। কিন্তু এক রুপিও উদ্ধার করতে পারেনি ইডি বা কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। তাকে (কেজরিওয়াল) গ্রেপ্তার করাটা বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটা ষড়যন্ত্র।
সম্প্রতি কেজরিওয়াল অনলাইনে হাজিরা দেওয়ার আর্জি জানালে তাতে রাজি হয়নি ইডি। অবশেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হন তদন্তকারীরা। শেষ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এ ঘটনা ঘটল।
দিল্লি হাইকোর্ট আবগারি মামলায় কেজরিওয়ালকে জামিন দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তার বাড়িতে। ১২ জন ইডি অফিসারের দলটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর বাড়িতে প্রবেশ করে এবং গতকাল বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তারের কথা ঘোষণা করে। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট ৯ বার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু প্রত্যেকবারই ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে গ্রেপ্তার হলেন তিনি।
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারকে লজ্জাজনক বলেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী গতকাল রাতে এক্সে এক পোস্টে বিজেপি সরকারকে ইঙ্গিত করে লিখেছেন, মিডিয়াসহ সব প্রতিষ্ঠান দখল, দল ভাঙা, বিভিন্ন কোম্পানি থেকে চাঁদা তোলা এবং প্রধান বিরোধী দলের তহবিল কেড়ে নেওয়া যথেষ্ট ছিল না, এখন নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরও গ্রেপ্তার করতে শুরু করেছে। ভারতবাসী এর উপযুক্ত জবাব দেবেন।
অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, এনসিপির প্রধান শারদ পাওয়ার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, এসপির প্রধান অখিলেশ যাদব। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ ব্রায়েন এক্স পোস্টে লিখেছেন, ‘ভোটপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার পরেই এই ঘটনা! বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা, মুখ্যমন্ত্রী, নির্বাচনী এজেন্ট, কর্মীদের হেনস্তা গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ কী?’