মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নিজ দেশ থেকে সেনাসদস্য ও সামরিক কর্মকর্তাদের প্রত্যাহারে ভারতকে সময় বেঁধে দিয়েছেন। মুইজ্জুকে ভারতবিরোধী ও চীনপন্থী বলে মনে করা হয়। নির্বাচনের আগে তিনি জনগণকে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে দেশ থেকে ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠাবেন। মালদ্বীপে অন্তত ৮৮ জন ভারতীয় সেনা রয়েছে।
আগামী ১৫ মার্চের মধ্যে ভারতীয় সৈন্যদের মালদ্বীপ থেকে চলে যেতে হবে। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, মুইজ্জু চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কয়েক দিন পরই এ নির্দেশনা দিলেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেছেন, ‘ভারতীয় সামরিক কর্মীরা মালদ্বীপে থাকতে পারবে না। এটি প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এবং বর্তমান প্রশাসনের নীতি।’
মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম সোলিহের ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতি থেকে ‘ইন্ডিয়া আউট’-এ স্থানান্তর কোনো আকস্মিক ঘটনা নয়। ইব্রাহিম সোলিহের পূর্বসূরি আবদুল্লাহ ইয়ামিনকে বলা হয় প্রথম মালদ্বীপের নেতা যিনি ২০১৩ সালে ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছিলেন এবং দ্বীপ দেশটির সঙ্গে চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তোলেন। তার উত্তরসূরি ইব্রাহিম সোলিহ ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত মেয়াদে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। আবদুল্লাহ ইয়ামিনের মেয়াদে ভারতের বিরুদ্ধে আখ্যান তৈরিতে সোশ্যাল মিডিয়া ও মালদ্বীপের ধিয়ারেস নিউজের ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করা হয়।
আবদুল্লাহ ইয়ামিন একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ও দুর্নীতির জন্য ১১ বছরের কারাদণ্ড পাওয়ায় গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকরতে পারেননি। তাই তিনি প্রার্থী হিসেবে মুইজ্জুকে মনোনীত করেছিলেন। মুইজ্জু এর আগে বলেছিলেন, তিনি চীনা সৈন্যদের সঙ্গে ভারতীয় সামরিক বাহিনীকে প্রতিস্থাপন করে আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে চান না। মালদ্বীপের রাষ্ট্রপতি ভারত ও চীনের সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। মালদ্বীপে বেইজিংয়ের অর্থনৈতিক স্বার্থ রয়েছে এবং এটি তার বৃহত্তম বহিরাগত ঋণদাতা। তবে চীনের ঋণ ফাঁদ নীতির কারণে আশঙ্কা করা হচ্ছে দ্বীপ দেশটি দেউলিয়ার শিকার হতে পারে।
মুইজ্জু ‘ভারত খেদাও’ স্লোগানের মাধ্যমে ক্ষমতায় আসেন। নির্বাচিত হয়েই তিনি নিজ সেনা ফিরিয়ে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এর ঠিক দুই মাসের মাথায় তিনি সময় বেঁধে দিলেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের বিতর্কিত মন্তব্যের জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। পরে তাৎক্ষণিক তিনজন মন্ত্রীকে বরখাস্ত করলেও প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের ধমক দেওয়ার লাইসেন্স কাউকে দেওয়া হয়নি।’
মালদ্বীপ ও ভারত সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য একটি উচ্চ-পর্যায়ের কোর গ্রুপ গঠন করেছে। রোববার সকালে মালে’তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দড্তরে গ্রুপটির প্রথম বৈঠক হয়। বৈঠকে ভারতীয় হাইকমিশনার মুনু মাহাওয়ারও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। নাজিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকের এজেন্ডা ছিল ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের অনুরোধ।
ভারতীয় পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “মালদ্বীপের মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দিতে ভারতীয় বিমানগুলির চলাচল জারি রাখা জরুরি। এবং এই কাজের পরিবেশ বজায় রাখতে উভয় পক্ষই একটি সমাধানসূত্রে পৌঁছনোর চেষ্টা করছে।”