স্টাফ রিপোর্টারঃ আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দৌড়ে এখনও অনেকটাই পিছিয়ে আছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। ২০১৬ সালের মধ্যে শতভাগ অনলাইন সেবা চালু করার ব্যাপারেও রয়েছে অনিশ্চয়তা।
তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সীমাবদ্ধতা কাটিয়ে অচিরেই গ্রাহকদের জন্য শতভাগ অনলাইন সেবাসহ মোবাইল ব্যাংকিং এবং এটিএম সেবা চালু করা হবে।
আধুনিক ব্যাংকিংয়ে দ্রুতগতির অনলাইন ভিত্তিক সেবার কোনো বিকল্প নেই। আর সে যাত্রায় এখনও বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় পিছিয়ে সরকারি ব্যাংকগুলো। ফলে আধুনিক ব্যাংকিং সেবা পাচ্ছেন না গ্রাহকরা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালীর সারাদেশে মোট ৩ হাজার ৫শ’ ৮৬টি শাখা রয়েছে। যার মধ্যে মাত্র ১ হাজার ২শ’ ৯৫টি শাখায় অনলাইন গ্রাহক সেবা চালু রয়েছে। তবে সরকার নির্ধারিত সময়েই সব শাখা অনলাইনের আওতায় আনা হবে বলে দাবি ব্যাংকারদের।
এদিকে বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ‘শতভাগ অনলাইন সেবা চালু হলে ব্যাংকগুলোর ওপর নজরদারি আরও বাড়ানো সম্ভব হবে।’
বেসরকারি ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আগামী বছর থেকেই নিজস্ব এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো।