বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিবেদকঃ  বান্দরবানে সদর উপজেলা কুহালং ইউনিয়নে বাকীছড়া এলাকায় এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম নাইন্দা (৭৫)। স্থানীয় মারমারা তাকে ম্রাথোয়াই মারমা নামে চিনে।

আজ বৃহস্পতিবার সকালে বাকীছড়া মাঝের পাড়া বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে।  ঘটনার খবর পেয়ে বেলা ১২টার দিকে সদর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাঝের পাড়া বৌদ্ধ বিহারের পাশের চেরেং ঘরে রক্তাক্ত অবস্থায় ভিক্ষু নাইন্দাকে দেখতে পান। অন্যান্য ভিক্ষুরা মরদেহ উদ্ধার করে মন্দিরে নিয়ে যান।

পাড়া কারবারি (পাড়া প্রধান) পাইহ্রী মারমা জানান, গেলো ৩ বছর ধরে ওই ভিক্ষু মন্দিরে অবস্থান করছিল। এর আগে তিনি কুহালং মন্দিরের ভিক্ষু ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত আরটিভি অনলাইনকে জানান, নিহত বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।